ঘরের মাঠে এটি আমারও শেষ ম্যাচ: ওতামেন্ডি
ঘরের মাঠে শেষ ম্যাচের আগে নিকোলাস ওতামেন্ডির অনুশীলন। ছবি: এক্স
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৫ | ১৬:৩২
লিওনেল মেসির চেয়ে বয়সে খুব বেশি ছোট নন নিকোলাস ওতামেন্ডি। তাদের বয়সের ব্যবধান মাত্র ৮ মাসের। ইউরোপে খেললেও আর্জেন্টাইন এই সেন্টাল ডিফেন্ডারের আন্তর্জাতিক ক্যারিয়ার মেসির পথরেখা ধরেই এগোচ্ছে।
মেসি ঘরের মাঠ বুয়েন্স এইরেসে আর্জেন্টাইন ভক্তদের সামনে ঘোষণা দিয়ে শেষ ম্যাচ খেলেছেন। ২০২৬ বিশ্বকাপের আগে ঘরের মাঠে আর কোন ম্যাচ নেই মেসিদের। বিশ্বকাপের পরে আকাশি-সাদা জার্সি তুলে রাখতে যাচ্ছেন তিনি।
ঘরের মাঠে ওতামেন্ডিও শেষ ম্যাচ খেলেছেন। তবে ম্যাচের আগে নয় ঘোষণাটা ৩-০ গোলে জয়ের পরে দিয়েছেন বেনফিকা ডিফেন্ডার। হয়তো মেসির বিদায়ী ম্যাচের আলো নিজের দিকে টানতে চাননি তিনি। যে কারণে নিজ ভক্তদের সামনে, নিজ দেশের ঘাসে-আলো-বাতাসে শেষবার খেলছেন জেনেও চুপ ছিলেন।
ম্যাচ শেষে আর্জেন্টিনার জার্সিতে ১২৬ ম্যাচ খেলা ৩৭ বছর বয়সী ওতমেন্ডি বলেন, ‘আমারও এভাবেই (জয় দিয়ে) শেষ করা দরকার ছিল। এটা আমারও দেশের মাটিতে শেষ ম্যাচ। যারা ম্যাচটি উপভোগ করতে এসেছেন তাদের ধন্যবাদ।’
আর্জেন্টিনার জার্সিতে ২০০৯ সালে অভিষেক হয় ওতামেন্ডির। এরপর থেকে আকাশি-সাদায় নিয়মিত মুখ ছিলেন তিনি। যদিও অভিষেকের পর চার বিশ্বকাপের একটি মিস করেছেন। পাঁচটি কোপা আমেরিকা খেলেছেন। আন্তর্জাতিক ক্যারিয়ারে কাতার বিশ্বকাপসহ দুটি কোপা আমেরিকা ও একটি ফিনালিজিমা জিতেছেন সাবেক পোর্ত, ভ্যালেন্সিয়া ও ম্যানচেস্টার সিটি ডিফেন্ডার।
- বিষয় :
- লিওনেল মেসি
- আর্জেন্টিনা ফুটবল
