লা পাজে খেলতেই চাননি রাফিনিয়া, ক্ষুব্ধ আনচেলত্তির ওপর
ব্রাজিলের জার্সিতে রাফিনিয়া। ছবি: এএফপি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫ | ১৮:০৬
বলিভিয়ার লা পাজে গিয়ে ১-০ গোলে হেরেছে ব্রাজিল। বিশ্বকাপ বাছাইপর্বের ইতিহাসে সবচেয়ে বাজে পাঁচ নম্বরে থেকে শেষ করেছে। সেলেসাওরা প্রথমার্ধের যোগ করা সময়ে পেনাল্টি থেকে গোল খায়।
ওই গোল শোধ করতে শুরুর একাদশে না থাকা রাফিনিয়াকে ৬১ মিনিটে মাঠে নামান ব্রাজিলের ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি। যোগ করা সময় মিলিয়ে ৩৫ মিনিট খেলেছেন বার্সা ফরোয়ার্ড। দল হারলেও তাকে মাঠে নামানোয় ক্ষুব্ধ এই নাম্বার টেন।
সংবাদ মাধ্যম দিয়ারো স্পোর্টস দাবি করেছে, ম্যাচটি গুরুত্বহীন হওয়ায় মাঠে নামানোয় কোচের প্রতি ক্ষুব্ধ হন রাফিনিয়া। ম্যাচটা হয়েছে সমুদ্রপৃষ্ট থেকে ১২ হাজার ফুট উঁচুতে নির্মিত স্টেডিয়ামে। যেখানে অক্সিকেন স্বল্পতায় ভোগেন সফরকারী দল। নিঃশ্বাস নিতে কষ্ট হয়।
রাফিনিয়া ৩৭ মিনিট খেললেও খুবই ক্লান্ত হয়ে পড়েন। আনচেলত্তি যেখানে রিয়াল মাদ্রিদের ভিনিসিয়াস, রদ্রিগো ও এদার মিলিতাওকে দলেই ডাকেননি সেখানে রাফিনিয়া বলিভিয়া ম্যাচে বিশ্রাম পাবেন এমনই ধারণা করা হয়েছিল। তাকে সেই বিশ্রাম না দেওয়ায় কোচের প্রতি বিরক্ত হন তিনি।
ম্যাচ শেষে সংবাদ মাধ্যমের কাছে বলিভিয়ার মনোভাব নিয়ে ক্ষোভও প্রকাশ করেন রাফিনিয়া, ‘একটা দল জয়ের জন্য অন্য দলকে ১২ হাজার ফুট উঁচুতে খেলতে বাধ্য করছে, এটা অন্য দলের জন্য খুবই ক্ষতির কারণ। তারপরও আমরা ভারসাম্যপূর্ণ ম্যাচ খেলছিলাম। কিন্তু রেফারি একটা পেনাল্টি দিয়ে দিলেন। যা আমাদের দলের ও ম্যাচের পরিস্থিতি জটিল করে তুলেছিল।’
- বিষয় :
- রাফিনহা
- বিশ্বকাপ বাছাই
