ইউরোপ থেকে প্রথম দল হিসেবে বিশ্বকাপে ইংল্যান্ড
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫ | ১৩:০৯
ইউরোপ থেকে প্রথম দল হিসেবে ২০২৬ ফিফা বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল ইংল্যান্ড। মঙ্গলবার রাতে লাটভিয়াকে ৫-০ গোলে বিধ্বস্ত করে দুই ম্যাচ হাতে রেখেই উত্তর আমেরিকার টিকিট নিশ্চিত করেছে টমাস টুখেলের শিষ্যরা। এই জয়ে ‘কে’ গ্রুপে ৬ ম্যাচে পূর্ণ ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান পাকা করল ‘থ্রি লায়ন্স’রা।
ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে ইংল্যান্ড। দলের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক হ্যারি কেইন। এছাড়া একটি করে গোল করেন অ্যান্থনি গর্ডন ও এবেরেচি এজে। অন্য গোলটি আসে আত্মঘাতী খাত থেকে। দুর্দান্ত ফর্মে থাকা কেইন এই দুই গোলে ক্লাব ও জাতীয় দলের হয়ে চলতি মৌসুমে নিজের গোলসংখ্যা ২১-এ নিয়ে গেলেন।
এই জয়ে ইংল্যান্ড বিশ্বকাপ বাছাইপর্বে টানা ৩৭ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড ধরে রাখল। ম্যাচ শেষে উচ্ছ্বসিত কোচ টমাস টুখেল বলেন, ‘ছয় ম্যাচে ছয় জয় এবং কোনো গোল হজম না করা, এর চেয়ে ভালো ফল আর হতে পারে না। ছেলেরা দুর্দান্ত খেলেছে, তবে আমাদের ক্ষুধা এখনো শেষ হয়নি।’
বিশ্বকাপ নিশ্চিত হলেও বাছাইপর্বে ইংল্যান্ডের এখনো দুটি ম্যাচ বাকি রয়েছে। আগামী নভেম্বরে তারা সার্বিয়া ও আলবেনিয়ার বিপক্ষে মাঠে নামবে।
- বিষয় :
- বিশ্বকাপ বাছাই
- ইংল্যান্ড
- হ্যারি কেন
