আসিফের ‘আপত্তিকর’ মন্তব্যের প্রতিবাদে ফুটবলারদের মৌন মিছিল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫ | ১৫:২১
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও সঙ্গীতশিল্পী আসিফ আকবরের ফুটবল ও ফুটবলারদের নিয়ে করা ‘আপত্তিকর’ মন্তব্যের প্রতিবাদে মৌন মিছিল করেছেন দেশের সাবেক ও বর্তমান ফুটবলার, কোচ এবং সংগঠকরা। বুধবার রাজধানীর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম এলাকা থেকে এই প্রতিবাদী কর্মসূচি পালন করা হয়।
ফুটবলসংশ্লিষ্টরা আসিফ আকবরের মন্তব্যের জন্য তাকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে তিন দিনের আল্টিমেটাম দিয়েছেন। অন্যথায়, তারা কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দেন।
মিছিলটি স্টেডিয়ামের ১ নম্বর গেট থেকে শুরু হয়। এতে অংশ নেন জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি, সাবেক ফুটবলার আব্দুল গাফফার, কায়সার হামিদ, বিপ্লব ভট্টাচার্য্য, মোহামেডানের কোচ আলফাজ আহমেদ, ম্যানেজার ইমতিয়াজ আহমেদ নকীব, আবাহনীর কোচ মারুফুল হক, বাফুফে সদস্য ইকবাল হোসেন, ছাইদ হাসান কাননসহ শতাধিক ফুটবল ব্যক্তিত্ব।
মিছিল শুরুর আগে আবাহনীর কোচ মারুফুল হক বলেন, ‘আসিফ আকবর যদি তিন দিনের মধ্যে কোনো পদক্ষেপ বা ব্যবস্থা (ক্ষমা প্রার্থনা) না নেন, তাহলে আমরা আমাদের মুরুব্বিদের সঙ্গে আলোচনা করে কঠোর কর্মসূচি ঘোষণা করব।’
আসিফ আকবরের ‘ফুটবলারদের ব্যবহার খারাপ’ মন্তব্যের জবাবে মারুফুল হক বলেন, ‘আমরা যে ভদ্র, সেটাই এই শান্তিপূর্ণ প্রতিবাদী মৌন মিছিলের মাধ্যমে প্রমাণ করব। কোনো প্রকার অশালীন কিছু বলা হবে না।’
জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি বলেন, ‘গতকালও তিনি (আসিফ) মিডিয়ায় নানা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু তিনি সরাসরি ফুটবলারদের ব্যবহার খারাপ বলেছেন। বর্তমান ও সাবেক কোনো ফুটবলারই এটা মেনে নিতে পারছে না। আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তিনি ক্ষমা না চাইলে কঠিন পদক্ষেপ নিতে বাধ্য হব।’
উল্লেখ্য, গত রোববার বিসিবি আয়োজিত এক ক্রিকেট কনফারেন্সে আসিফ আকবর অভিযোগ করেন, ‘ফুটবলারদের জন্য সারা বাংলাদেশে ক্রিকেট খেলা যাচ্ছে না। এরা উইকেট ভেঙে ফেলছে। ফুটবলারদের ব্যবহার খুব খারাপ।’
