স্টার্কের আগুনে ছাই ইংল্যান্ড
পার্থ টেস্টের প্রথম ইনিংসে ৭ উইকেট নেওয়া স্টার্কের উদযাপন। ছবি: ক্রিকইনফো
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৫ | ১২:৩০
অ্যাশেজ অর্থ ছাই। কিন্তু উত্তাপ আগুনের মতো। পার্থে বল হাতে আগুনই ঝরালেন মিশেল স্টার্ক। তার আগুনে পুড়েছে ইংল্যান্ড।
অ্যাশেস সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে সফরকারী ইংল্যান্ড অলআউট হয়েছে মাত্র ৩২.৫ ওভারে ১৭২ রানে। স্টার্ক একাই নিয়েছেন ৭ উইকেট।
শুক্রবার পার্থ স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নামে ইংল্যান্ড। প্রথম ওভারেই হারায় উইকেট। জ্যাক ক্রলি স্কোরবোর্ডে কোন রান যোগ না করেই ফিরে যান। দ্বিতীয় উইকেটে ৩৩ রান যোগ করেন বেন ডাকেট ও অলি পোপ। ওপেনার ডাকেট ফিরে যান ২১ রান করে। তাদের পর জো রুটকে শূন্য রানে তুলে নেন স্টার্ক। ৩৯ রানে ৩ উইকেট হারায় ইংল্যান্ড।
অলি পোপ ও হ্যারি ব্রুক ধাক্কা সামলানোর চেষ্টা করলেও সফল হননি। তাদের ৬৫ রানের জুটি ভাঙার খানিক পরই ধস নিশ্চিত হয় ইংল্যান্ডের। পোপ ৪৬ রান করে ফিরে যান। ব্রুক ৫২ রানের ইনিংস খেলে ষষ্ঠ ব্যাটার হিসেবে আউট হন। উইকেটরক্ষক জেমি স্মিথ ৩৩ রান যোগ করেন।
অস্ট্রেলিয়ার বাঁ-হাতি অভিজ্ঞ পেসার স্টার্ক ১২.৫ ওভার হাত ঘুরিয়ে ৫৮ রান দিয়ে ১৪ বছরের দীর্ঘ টেস্ট ক্যারিয়ারে ইনিংস সেরা বোলিং করেছেন। ব্রেন্ডন ডগেট নিয়েছেন ২ উইকেট।
