শামীমকে দলে চেয়েছিল লিটন, না থাকায় বিস্মিত হয়েছে: লিপু
বিসিবি নির্বাচক লিপু ও টি-২০ অধিনায়ক লিটন। ছবি: ফাইল
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫ | ১৯:৪২
আয়ারল্যান্ডের বিপক্ষে বৃহস্পতিবার সিরিজের প্রথম টি-২০ ম্যাচ খেলবে বাংলাদেশ। বুধবার ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে বোমা ফাঁটিয়েছেন টি-২০ অধিনায়ক লিটন দাস। তিনি দাবি করেছেন, দল ঘোষণার আগে তার সঙ্গে আলোচনা করা হয়নি। বরং তাকে বলা হয়েছে, নির্বাচক প্যানেল থেকে যে দল দেওয়া হয়েছে, সেটা নিয়েই খেলতে হবে।
বিষয়টি নিয়ে সমকালকে বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানিয়েছেন, ভিন্ন ভিন্ন সময়ে টি-২০ দলের অধিনায়ক লিটন দাস ও হেড কোচ ফিল সিমন্সের সঙ্গে তাদের কথা হয়েছে। লিটন টি-২০ দলে শামীমকে চেয়েছিলেন বলেও জানান তিনি।
লিপু বলেন, ‘মিরপুরে টেস্টের চতুর্থ দিনের খেলা শেষে অধিনায়ক নির্বাচকদের রুমে এসেছিলেন। প্রথাগতভাবে ব্যাটিং লাইনআপ ও আরও কিছু বিষয় নিয়ে কথা হয়েছিল। শামীম পাটোয়ারিকে নিয়েও কথা হয়েছিল। লিটন তাকে দলে চেয়েছিল, এরপর চলে গিয়েছিল। অধিনায়ক হয়তো ভেবেছিল শামীম দলে থাকবে। তাকে না দেখে বিস্মিত হয়েছিল।’
শামীমকে দলে না দেখে লিটন প্রধান নির্বাচকের সঙ্গে যোগাযোগ করেন। তখন লিপু তাকে যে দল দেওয়া হয়েছে তা নিয়ে খেলার জন্য বলেন, ‘দল নির্বাচন করে ব্যাখ্যা সহকারে ক্রিকেট পরিচালনা বিভাগকে দিয়েছি। বোর্ড থেকে অনুমোদনের পর মিডিয়াতে গেছে। অধিনায়ক শামীমকে দলে না দেখে বিস্মিত হয়েছে। তখন আমার সঙ্গে যোগাযোগ করে। আমি বলেছি, এটা দুই ম্যাচের দল এবং ঘোষণা হয়ে গেছে। এই দল নিয়েই খেলতে হবে।’
কোচের সঙ্গে আলোচনার প্রসঙ্গে প্রধান নির্বাচক লিপু সমকালকে বলেন, ‘ঢাকা টেস্টের পঞ্চম দিন কোচকে আলোচনার জন্য অনুরোধ করা হয়। ব্যাটিং নিয়ে আলোচনা করলে তিনি ইউনিট নিয়ে খুশি ছিলেন। শামীমের ব্যাটিংয়ের পারফরম্যান্স স্মরণ করালে তিনি তা মেনে নেন। আমি তাদের দুজনের মতামতই পেয়েছি।’
পরে নির্বাচক লিপু বিসিবির মাধ্যমে একটি ভিডিও বিবৃতি দিয়েছেন। সেখানে উল্লেখ করেছেন, কোচ ও অধিনায়কের সঙ্গে টি-২০ দল নিয়ে তারা আলোচনা করেছেন। লিটন দলে শামীমকে চেয়েছিলেন বলেও উল্লেখ করেন তিনি। তবে সাবেক অধিনায়ক ও বিসিবি নির্বাচক জানান, দল ঘোষণার জন্য কোচ বা অধিনায়কের কাছে তাদের অনুমতি নেওয়ার দরকার নেই। তারা বোর্ডের কাছে দায়বদ্ধ।
- বিষয় :
- লিটন দাস
- গাজী আশরাফ হোসেন লিপু
