ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ব্যর্থ ইংল্যান্ড দলে পরিবর্তনের ডাক

ব্যর্থ ইংল্যান্ড দলে পরিবর্তনের ডাক
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫ | ১৫:১৬

১১ দিনে অ্যাশেজ হেরে রীতিমতো কৌতুকে পরিণত হয়েছে ইংল্যান্ড ক্রিকেট দল। অ্যাশেজ শুরুর আগে ইংল্যান্ডের বর্তমান দলটি গত ১৫ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ও অস্ট্রেলিয়াকে সবচেয়ে বাজে দল হিসেবে চিহ্নিত করেছিলেন অনেকে। সেই বাজে দলটিই তিন টেস্টে সিরিজ নির্ধারণ করে ফেলেছে। এ ব্যর্থতার জেরে ইংল্যান্ড দলে পরিবর্তনের দাবি উঠেছে।

এই পরিবর্তনের দাবি তোলাদের মধ্যে সবচেয়ে উচ্চকণ্ঠ কিংবদন্তি ইংলিশ ক্রিকেটার জেফরি বয়কট। ডেইলি টেলিগ্রাফে এক কলামে তিনি বলেছেন, ‘বাজবল’ কার্যকারিতা হারিয়েছে। যে কৌশল কার্যকারিতা হারিয়েছে, সেটা বহর করার কোনো মানে নেই। আর এই কৌশলের প্রবক্তা কোচ ব্রেন্ডন ম্যাককুলামের অপসারণ চেয়েছেন তিনি। ম্যাককুলাম হারের সব দায় কাঁধে নিলেও পদত্যাগে রাজি নন। 

হারের পর গণমাধ্যমে কিউই এ কোচ বলেন, ‘আমি জানি অনেক প্রশ্ন উঠবে, ওঠাই স্বাভাবিক। আমরা প্রচুর ভুল করেছি। কোচ হিসেবে সব দায় আমার। আমি দলকে প্রস্তুত করতে পারিনি। ভেবেছিলাম সব পরিকল্পনা ঠিক আছে, কিন্তু মাঠে গিয়ে দেখি সব ভুল।’ বিবিসিকে নিজেদের ওপর অতিরিক্ত চাপ নিয়ে ফেলার কথাও বলেছেন ম্যাককুলাম।

ইংল্যান্ডের ভরাডুবির পেছনে বাজবল যে দায়ী, সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফো। পার্থে ৪০ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে এক পর্যায়ে ৯ উইকেট হাতে রেখে ১০৫ রানে এগিয়ে গিয়েছিল ইংল্যান্ড। কিন্তু সেখান থেকে ম্যাচের নিয়ন্ত্রণ হারায় তারা। এর পেছনে সবচেয়ে বড় দায় বাজবলের। পার্থের কঠিন উইকেটেও পেসার বোল্যান্ডকে রিভার্স সুইপ করে ক্যাচ দেন হ্যারি ব্রুক। এখান থেকেই ধসের সূচনা। ৯৯ রানে শেষ ৯ উইকেট হারিয়েছিল তারা পার্থে। 

বেন স্টোকদের প্রস্তুতি নিয়েও প্রশ্ন তুলেছেন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটাররা। অ্যাশেজের মতো গুরুত্বপূর্ণ সিরিজের আগে নিউজিল্যান্ডে গিয়ে সাদা বলের সিরিজ খেলেছে ইংল্যান্ড। এরপর অস্ট্রেলিয়া গিয়ে কোনো প্রস্তুতি ম্যাচ খেলেননি তারা। নিজেদের (ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে) মধ্যে একটা ম্যাচ অবশ্য তারা খেলেছিলেন, তবে সেটা নিষ্প্রাণ উইকেটে। অথচ প্রথম টেস্ট হয়েছে পার্থের বাউন্সি উইকেটে। যার ফলাফল, দুই দিনে টেস্ট হেরেছে তারা। প্রথম দুই টেস্টে প্রস্তুতিতে গড়বড় হওয়ার কথা স্বীকার করেছেন ম্যাককুলাম।

আরও পড়ুন

×