চট্টগ্রামে সাদমানের সঙ্গে যুক্ত হলেন তিন পাকিস্তানি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫ | ১৭:৪২
প্লেয়ার্স ড্রাফটে দল না পাওয়ার হতাশা অবশেষে ঘুচল জাতীয় দলের ওপেনার সাদমান ইসলামের। তাকে দলে ভিড়িয়েছে চট্টগ্রাম রয়্যালস। মূলত টপ অর্ডারের শক্তি বাড়াতেই অভিজ্ঞ এই ব্যাটারকে স্কোয়াডে যুক্ত করেছে ফ্রাঞ্চাইজিটি।
সর্বশেষ ২০২০ বিপিএলে খেলেছিলেন তিনি। এরপর ঢাকা ডায়নামাইটস, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং রংপুর রেঞ্জার্সের জার্সি গায়ে জড়ালেও মাঝের সময়টায় এই টুর্নামেন্টে দর্শক হয়েই ছিলেন। তবে বিপিএলে না থাকলেও ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করে গেছেন তিনি। জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টিতে ব্যাট হাতে ছিলেন দুর্দান্ত ছন্দে। ৬ ম্যাচে ১৫১.১৮ স্ট্রাইক রেটে ১৯২ রান করেছিলেন সাদমান, যেখানে একটি সেঞ্চুরিও ছিল তার।
সাদমানের সঙ্গে বিদেশি কোটায় শক্তি বাড়াতে আরও তিন পাকিস্তানি ক্রিকেটারকে দলে নিয়েছে চট্টগ্রাম। আসিফ আলী, আমের জামাল ও হাসান নাওয়াজের সঙ্গে চুক্তি করেছে চট্টগ্রাম। এদের মধ্যে হাসান নাওয়াজ ছাড়া বাকি দুজরেরই বিপিএল খেলার পূর্ব অভিজ্ঞতা রয়েছে।
চট্টগ্রাম রয়্যালস স্কোয়াড: শেখ মেহেদী (অধিনায়ক), তানভির ইসলাম, নাইম শেখ, শরিফুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, আবু হায়দার রনি, মাহফিজুল ইসলাম রবিন, সুমন খান, জিয়াউর রহমান, আরাফাত সানি, মুকিদুল ইসলাম মুগ্ধ, শুভাগত হোম চৌধুরি, সালমান হোসেন, জাহিদুজ্জামান খান সাগর, সাদমান ইসলাম, মির্জা তাহির বাগ (বিদেশি), আসিফ আলী (বিদেশি), হাসান নাওয়াজ (বিদেশি) ও আমের জামাল (বিদেশি)।
- বিষয় :
- সাদমান ইসলাম
