হেটমায়ার ঝড়ে স্কটল্যান্ডকে ১৮৩ রানের লক্ষ্য দিল উইন্ডিজ
ছবি- ক্রিকইনফো
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৬ | ১৭:৩৮
কলকাতার ইডেন গার্ডেন্সে শুরুতে ব্যাট হাতে ধুঁকছিল ওয়েস্ট ইন্ডিজ। পাওয়ার প্লে-তে মন্থর ব্যাটিং দেখে মনে হচ্ছিল বড় সংগ্রহ পাওয়া কঠিন হবে দুবারের বিশ্বচ্যাম্পিয়নদের। তবে সব শঙ্কা উড়িয়ে দিয়ে হেটমায়ারের বিধ্বংসী ব্যাটিংয়ে ঘুরে দাঁড়িয়েছে ক্যারিবীয়রা। স্কটল্যান্ডের বিপক্ষে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৮২ রানের চ্যালেঞ্জিং পুঁজি দাঁড় করিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
টস হেরে ব্যাট করতে নেমে সাবধানী শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। শাই হোপ ও ব্রেন্ডন কিংয়ের ওপেনিং জুটি উইকেটে টিকে থাকলেও রানের গতি ছিল বেশ ধীর। পাওয়ার প্লের ৬ ওভারে কোনো উইকেট না হারিয়ে মাত্র ৩৩ রান তোলে তারা। ৫০ বলে ৫২ রানের উদ্বোধনী গড়ে তারা। ২২ বলে ১৯ রান করে ফেরেন হোপ, আর ব্রেন্ডন কিং থামেন ৩০ বলে ৩৫ রানে।
ওপেনারদের বিদায়ের পর ইডেনের ২২ গজে ঝড় তোলেন শিমরন হেটমায়ার। তার ব্যাটেই মূলত ম্যাচে ফেরে ওয়েস্ট ইন্ডিজ। মাত্র ৩৬ বল খেলে ৬৪ রানের এক দুর্দান্ত ইনিংস উপহার দেন এই বাঁহাতি ব্যাটার। তার ইনিংসে চারের মার মাত্র দুটি, কিন্তু ছক্কা হাঁকিয়েছেন ৬টি। হেটমায়ারের সঙ্গে যোগ দেন অধিনায়ক রোভম্যান পাওয়েল ও রাদারফোর্ড। পাওয়েল ১৪ বলে ২৪ এবং রাদারফোর্ড শেষ দিকে ১৩ বলে ২৬ রানের ক্যামিও ইনিংস খেললে ১৮২ রানের লড়াকু সংগ্রহ পায় দল।
স্কটিশ বোলারদের মধ্যে ব্র্যাড কারি ২৩ রান খরচায় ২ উইকেট নিয়ে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেছেন। জয়ের জন্য এখন স্কটল্যান্ডকে করতে হবে ১৮৩ রান।
- বিষয় :
- ওয়েস্ট ইন্ডিজ
- টি-টোয়েন্টি বিশ্বকাপ
