নারী ফুটবল দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর শুভকামনা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬ | ১৪:৩২ | আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৬ | ১৪:৫১
দক্ষিণ এশিয়ার গণ্ডি পেরিয়ে এবার এশিয়ার সর্বোচ্চ মঞ্চে লড়াইয়ের অপেক্ষায় বাংলাদেশ নারী ফুটবল দল। আগামী ১ থেকে ২১ মার্চ অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া এএফসি নারী এশিয়ান কাপে প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছে লাল-সবুজের প্রতিনিধিরা। আজ মধ্যরাতেই অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছাড়বেন ঋতুপর্ণারা। এই ঐতিহাসিক ও গৌরবময় মুহূর্তে নারী দলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে দলের খেলোয়াড়, কোচ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের শুভকামনা জানিয়ে এক বার্তায় আমিনুল হক বলেন, ‘আমাদের মেয়েরা বারবার প্রমাণ করেছে যে, অদম্য ইচ্ছা আর পরিশ্রম থাকলে যে কোনো বাধা জয় করা সম্ভব। দক্ষিণ এশিয়ার গণ্ডি পেরিয়ে আজ তারা এশিয়ার সেরা দলগুলোর মুখোমুখি হতে যাচ্ছে। এটি কেবল নারী ফুটবলের উন্নয়নই নয়, বরং ক্রীড়াবান্ধব বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমাদের নারীশক্তির অগ্রযাত্রার এক অনন্য প্রতিফলন।’
অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টে বাংলাদেশের গ্রুপটি বেশ কঠিন। গ্রুপ পর্বে ঋতুপর্ণাদের লড়তে হবে পরাক্রমশালী চীন, উত্তর কোরিয়া এবং উজবেকিস্তানের বিপক্ষে। প্রতিপক্ষ হিসেবে চীন ও উত্তর কোরিয়া বিশ্ব ফুটবলেই অত্যন্ত শক্তিশালী। তবে প্রতিপক্ষ যত বড়ই হোক না কেন, মেয়েদের কাছে লড়াকু ফুটবলই প্রত্যাশা করছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বর্তমান ক্রীড়া প্রতিমন্ত্রী।
তিনি তার বার্তায় আরও যুক্ত করেন, ‘আমি বিশ্বাস করি, অস্ট্রেলিয়ার মাঠেও আপনারা লাল-সবুজের পতাকার মর্যাদা অক্ষুণ্ণ রাখবেন। জয়-পরাজয় ছাপিয়ে আপনাদের লড়াকু মানসিকতা সারা বিশ্বের কাছে বাংলাদেশের আত্মপরিচয় তুলে ধরবে।’
- বিষয় :
- আমিনুল হক
- ক্রীড়া প্রতিমন্ত্রী
- নারী ফুটবল
