ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

মুস্তাফিজদের নিয়ে শুরু হচ্ছে আজ পিএসএল 

মুস্তাফিজদের নিয়ে শুরু হচ্ছে আজ পিএসএল 
×

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২৬ মার্চ ২০২৬ | ১৫:১৭

এই জানুয়ারিতেই বিপিএল খেলে গিয়েছিলেন ২২ পাকিস্তানি ক্রিকেটার। বিসিবির ঊর্ধ্বতন কর্তারা আশা করেছিলেন, প্রতিউত্তরে অন্তত বাংলাদেশ থেকে দশের বেশি ক্রিকেটার খেলার সুযোগ পাবেন পিএসএলে (পাকিস্তান সুপার লিগ)। তবে ১০ না হলেও সংখ্যাটা নেহাত কম নয়; ছয় বাংলাদেশি ক্রিকেটার অংশ নিচ্ছেন পিএসএলে। অতীতের হিসাবমতে, দেশের বাইরে বিদেশি কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে এটাই বাংলাদেশিদের সর্বোচ্চ অংশগ্রহণ।

আজ লাহোরে শুরু হচ্ছে আসরের প্রথম ম্যাচ, যেখানে মুস্তাফিজ আর পারভেজ ইমনদের লাহোর কালান্দার্স মুখোমুখি হবে নতুন দল হায়দরাবাদ কিংসম্যানের। একসঙ্গে জাতীয় দলের ছয় ক্রিকেটার যেখানে অংশ নিচ্ছেন; সেখানে বাংলাদেশের আগ্রহ যেমন থাকবে, তেমনি বাজারও বাড়বে। বাংলাদেশি হাওয়ায় শুরু হতে যাওয়া এবারের পিএসএলটা অবশ্য জাঁকজমক হচ্ছে না। 

মধ্যপ্রাচ্য যুদ্ধ ও পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে সংঘাতের কারণে আসরটি দর্শকশূন্য গ্যালারিতেই মাঠে গড়াচ্ছে। সেই সঙ্গে ছয়টি ভেন্যুর পরিবর্তে নিরাপত্তার কারণে দুটি ভেন্যু লাহোর আর করাচিতেই শুধু অনুষ্ঠিত হবে। সব মিলিয়ে শুরুর আগেই ১২ বিদেশি ক্রিকেটার পিএসএলকে ‘না’ বলে দিয়েছেন। যে কারণে শেষ মুহূর্তে বাংলাদেশ থেকেও তিন ক্রিকেটার শরিফুল ইসলাম, তানজিদ তামিম আর পারভেজ ইমনকে পিএসএলে ডাকা হয়েছে। তা না হলে প্রথমবারের মতো পিএসএলের নিলাম থেকে শুধু রিশাদ হোসেন আর নাহিদ রানাকে ডাকা হয়েছিল। তার আগে অবশ্য মুস্তাফিজের সঙ্গে সরাসরি চুক্তি করেছিল লাহোর কালান্দার্স।

২৬ মার্চ থেকে ৩ মে অনুষ্ঠিত হবে পিএসএলের এবারের আসর। এর মধ্যে বাংলাদেশ দলের নিউজিল্যান্ড সিরিজ রয়েছে ঘরের মাঠে। তাই পিএসএল খেলতে যাওয়া ছয় বাংলাদেশি ক্রিকেটারের প্রত্যেকে পুরো আসরের জন্য ছাড়পত্র পাননি। ১৭ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত তিনটি ওডিআই খেলবে বাংলাদেশ নিউজিল্যান্ডের বিপক্ষে। ২৭ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত রয়েছে সিরিজের তিনটি টি২০। 

বিসিবি সূত্রের খবর, পিএসএল খেলতে যাওয়া মুস্তাফিজকে দুই ধাপে পিএসএলে যাওয়ার ছাড়পত্র দেওয়া হয়েছে। প্রথমবার তিনি ২৬ মার্চ থেকে ১২ এপ্রিল পর্যন্ত খেলতে পারবেন পিএসএল। দ্বিতীয় ধাপে ২৪ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত থাকতে পারবেন সেখানে। যার অর্থ, নিউজিল্যান্ডের বিপক্ষে মুস্তাফিজকে ওডিআই সিরিজ খেলার জন্য দেশে আসতে হবে। টি২০ সিরিজ তাঁকে ছাড়াই নামবে বাংলাদেশ। এর বাইরে নাহিদ রানা, শরিফুল, তানজিদ আর রিশাদকে ছাড়পত্র দেওয়া হয়েছে ২৬ মার্চ থেকে ১২ এপ্রিল পর্যন্ত। আর পারভেজ ইমনকে দেওয়া হয়েছে ২৬ মার্চ থেকে ২১ এপ্রিল পর্যন্ত।

আরও পড়ুন

×