বিশ্বকাপের আশা বাঁচিয়ে রাখল ইতালি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৭ মার্চ ২০২৬ | ০৭:০৫
টানা দুই বিশ্বকাপে জায়গা করে নিতে না পারার ব্যর্থতার ছায়া কাটাতে মরিয়া ইতালি অবশেষে স্বস্তির জয় পেয়েছে। ঘরের মাঠে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের প্লে-অফ সেমিফাইনালে উত্তর আয়ারল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে মূল পর্বের আশা বাঁচিয়ে রেখেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
ম্যাচের প্রথমার্ধে বল দখলে আধিপত্য থাকলেও ধারালো প্রথমার্ধে গোলের দেখা পায়নি আজ্জুরিরা। উল্টো নিষ্প্রভ ফুটবলের কারণে বিরতিতে যাওয়ার সময় ঘরের মাঠের দর্শকদের দুয়োধ্বনি শুনতে হয় তাদের।
তবে দ্বিতীয়ার্ধে খোলস ছেড়ে বেরিয়ে আসে স্বাগতিকরা। ৫৩ মিনিটে দুর্দান্ত এক হাফ-ভলিতে দলকে লিড এনে দেন সান্দ্রো টোনালি। এরপর ৮০ মিনিটে টোনালিরই তৈরি করা আক্রমণ থেকে বাঁ পায়ের দারুণ শটে ব্যবধান দ্বিগুণ করে দলের জয় নিশ্চিত করেন মোইজে কিন।
এই জয়ে প্লে-অফের ফাইনালে উঠে গেছে ইতালি। ২০২৬ বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিতে ফাইনালে তাদের লড়তে হবে ওয়েলস অথবা বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে।
একই প্লে-অফ পর্বে অন্য ম্যাচগুলোতেও নাটকীয়তা দেখা গেছে। ঘুরে দাঁড়িয়ে পোল্যান্ড ২-১ গোলে আলবেনিয়াকে হারিয়ে ফাইনালে উঠেছে, যেখানে তাদের প্রতিপক্ষ সুইডেন। সুইডেন ৩-১ ব্যবধানে ইউক্রেনকে হারিয়ে শেষ ধাপে পৌঁছায়।
অন্যদিকে কসোভো স্লোভাকিয়াকে ৪-৩ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে, যেখানে তাদের প্রতিপক্ষ তুরস্ক। এছাড়া ডেনমার্ক ৪-০ গোলে নর্থ মেসিডোনিয়াকে উড়িয়ে দিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে এবং তারা খেলবে চেক রিপাবলিক অথবা রিপাবলিক অব আয়ারল্যান্ডের বিপক্ষে।
- বিষয় :
- ইতালি
- বিশ্বকাপ বাছাই
