ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বিশ্বকাপ টিকিটের শেষ রাত আজ

বিশ্বকাপ টিকিটের শেষ রাত আজ
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩১ মার্চ ২০২৬ | ১৩:২৭

বিশ্বকাপ ও ইতালির মাঝে আর মাত্র একটি বাধা। সেই বাধাকে অবশ্য এভারেস্টসম বিশালাকায় মনে করছেন ইতালির কোচ জেনোরো গাত্তুসো। তাদের সেই বাধার নাম বসনিয়া ও হার্জেগোভিনা। আজ রাতে বাছাই প্লে-অফ ফাইনালে তাদের হারাতে পারলেই দুই আসর পর আবার বিশ্বকাপে দেখা যাবে আজ্জুরিদের। জেনিকার সেই ম্যাচ নিয়ে বেশ আশাবাদী ইতালি। তবে নিঃশঙ্কা হতে পারছেন না। গত দুবার যে এই প্লে-অফে হতাশায় পুড়তে হয়েছিল। ৪৮ দলের বিশ্বকাপে আজ নির্ধারিত হবে শেষ ছয়টি দেশ। যেখানে ইউরোপ থেকে চারটি ও আন্তঃমহাদেশীয় প্লে-অফে আসবে দুটি দেশ।

বসনিয়া ও হার্জোগোভিনার বিপক্ষে কাগজেকলমে ফেভারিট ইতালি। আজ জিততে পারলে চূড়ান্ত পর্বে অপেক্ষাকৃত সহজ গ্রুপ ইতালির অপেক্ষায় রয়েছে। ‘বি’ গ্রুপে যৌথ আয়োজক কানাডা, সুইজারল্যান্ড ও কাতারের সঙ্গে পড়বে তারা। তবে ইতালির সামনে বাধা হয়ে দাঁড়াতে পারে প্রকৃতি। বসনিয়া নদীর উপত্যকায় অবস্থিত জেনিকায় গত কদিন ধরে তুমুল বৃষ্টি ও তুষারপাত হচ্ছে। বিলিনো পোজে স্টেডিয়ামে আজও তুষারপাতের পূর্বাভাস রয়েছে। তাই আজ স্বাগতিকদের সামনে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে পারে ইতালি। 

তুরস্কের চ্যালেঞ্জ কসোভো: তুরস্কের বিশ্বকাপের পথটাও বেশ কঠিন। তাদের প্রতিপক্ষ আজ প্রথমবারের মতো বিশ্বকাপের হাতছানি পাওয়া কসোভো। প্লে-অফের ফাইনালও আজ তাদের মাঠে। তাই ভিসেঞ্জো মনতেলার দলকে আজ কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। ইস্তাম্বুলে সেমিতে রোমানিয়াকে ১-০ গোলে হারিয়েছে তুরস্ক। 

প্রাগে পারবে ডেনমার্ক?: তুরস্কের মতো ডেনমার্কও ফাইনালে কঠিন প্রতিপক্ষের সামনে পড়েছে। তাদের প্রতিপক্ষ চেক রিপাবলিক সেমিতে আয়ারল্যান্ডের বিপক্ষে ২৩ মিনিটে ০-২ গোলে পিছিয়ে পড়েছিল। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে ম্যাচে সমতা ফেরায় তারা। ক্রিশ্চিয়ান এরিকসন, হুয়েলুন্দ, ক্রিশ্চিয়ান নরগার্দের মতো তারকা আছে ডেনিশ শিবিরে। 

সুইডেনকে রুখতে পারবেন লেভা?: আর্সেনাল স্ট্রাইকার ভিক্টর ইয়োকেসের একক নৈপুণ্যে সেমিতে ইউক্রেনকে ৩-১ গোলে হারিয়ে ফাইনালে এসেছে সুইডেন। আজ স্টকহোমে পোল্যান্ডের বিপক্ষে ফাইনালে স্বাগতিক সুইডেনই ফেভারিট। তবে পোলিশদের আছেন রবার্ট লেভানডস্কি।

আরও পড়ুন

×