কঙ্গোর ৫২, ইরাকের ৪০ ও তুরস্কের ২৪ বছর পর বিশ্বকাপে প্রত্যাবর্তন
ইরাক ফুটবল দল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬ | ১৪:৪৩
দশকের পর দশক ধরে যে আক্ষেপ বুকে নিয়ে ঘুরছিল তিনটি দেশ, অবশেষে সেই অপেক্ষার অবসান হলো। ২০২৬ সালের ৪৮ দলের ফিফা বিশ্বকাপে নিজেদের জায়গা পাকা করে নিয়েছে কঙ্গো, ইরাক ও তুরস্ক। আন্তমহাদেশীয় ও ইউরোপীয় অঞ্চলের প্লে-অফ ফাইনালে জয়ের মধ্য দিয়ে ৫২ বছর পর কঙ্গো, ৪০ বছর পর ইরাক এবং ২৪ বছর পর বিশ্বমঞ্চে ফিরল তুরস্ক।

১৯৭৪ সালের পর আর কখনোই বিশ্বকাপে খেলা হয়নি কঙ্গোর। দীর্ঘ ৫২ বছরের সেই আক্ষেপ তারা ঘুচিয়েছে মেক্সিকোর গুয়াদালাহারায় আন্তমহাদেশীয় প্লে-অফ ফাইনালে জ্যামাইকাকে ১-০ গোলে হারিয়ে। নির্ধারিত সময়ে কঙ্গোর স্ট্রাইকার সেন্দ্রিক বাকাম্বুর দুটি গোল অফসাইডের কারণে বাতিল হলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ১০০তম মিনিটে কর্নার থেকে আসা বল জালে জড়িয়ে কঙ্গোর ইতিহাস নতুন করে লেখেন ডিফেন্ডার অ্যাক্সেল তুয়ানজেবে। ভিএআর পরীক্ষাতেও গোলটি টিকে যায়। ৪৮ দলের বিশ্বকাপে ‘গ্রুপ কে’-তে খেলবে কঙ্গো। প্রথম ম্যাচে তারা মুখোমুখি হবে পর্তুগালের। এরপর প্রতিপক্ষ কলম্বিয়া ও উজবেকিস্তান।

সর্বশেষ ১৯৮৬ বিশ্বকাপে খেলেছিল পশ্চিম এশিয়ার দেশ ইরাক। মেক্সিকোর গুয়াদালুপ স্টেডিয়ামে আন্তমহাদেশীয় প্লে-অফের আরেক ফাইনালে বলিভিয়াকে ২-১ গোলে হারিয়ে ৪০ বছরের খরা কাটিয়েছে তারা। ম্যাচের ১৮ মিনিটে আলি আলমাহাদির গোলে ইরাক এগিয়ে গেলেও ৩৮ মিনিটে মইসেস পানিয়াগুয়ার গোলে সমতায় ফেরে বলিভিয়া। তবে ৫৩ মিনিটে আইমেন হুসেইনের লক্ষ্যভেদে জয় নিশ্চিত হয় ইরাকের। শেষ দল হিসেবে বিশ্বকাপে নাম লেখানো ইরাক খেলবে আই’ গ্রুপে। যেখানে তাদের সঙ্গী সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স, নরওয়ে ও সেনেগাল। ১৬ জুন ফক্সবোরোতে নরওয়ের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে তারা।

এদিকে ২০০২ বিশ্বকাপে তৃতীয় হওয়ার পর গত দুই দশকে বাছাইপর্বের বাধা পেরোতে পারেনি তুরস্ক। অবশেষে ২৪ বছরের সেই খরা কাটিয়ে আবার বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে ফিরল তারা। প্রিস্টিনায় অনুষ্ঠিত প্লে-অফ ফাইনালে স্বাগতিক কসোভোকে ১-০ গোলে হারিয়েছে কোচ ভিনচেঞ্জো মনতেলার শিষ্যরা। ম্যাচের ৫৩ মিনিটে ফরোয়ার্ড কেরেম আকতুরকোগলুর পা থেকে আসে জয়সূচক একমাত্র গোলটি। প্রথমবারের মতো বিশ্বকাপে ওঠার স্বপ্ন দেখা কসোভোকে হতাশ করে মূল পর্বের টিকিট কাটে র্যাঙ্কিংয়ের ২৫তম স্থানে থাকা তুরস্ক। বিশ্বকাপে তুরস্ক খেলবে ডি গ্রুপে। সেখানে তাদের গ্রুপসঙ্গী অন্যতম আয়োজক যুক্তরাষ্ট্র, প্যারাগুয়ে ও অস্ট্রেলিয়া।
- বিষয় :
- তুরস্ক
- কঙ্গো
- ইরাক
- বিশ্বকাপ বাছাই
