ফুলহামকে উড়িয়ে সিটির ওপর চাপ বাড়াল আর্সেনাল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৩ মে ২০২৬ | ১১:২২
প্রিমিয়ার লিগে অপ্রতিরোধ্য গতিতে ছুটছে আর্সেনাল। শনিবার রাতে ফুলহামকে তাদের ঘরের মাঠেই ৩-০ গোলে বিধ্বস্ত করেছে মিকেল আর্তেতার শিষ্যরা। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা আর্সেনাল দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির চেয়ে ৬ পয়েন্টে এগিয়ে গেল। যদিও সিটি দুটি ম্যাচ কম খেলেছে।
ম্যাচের শুরু থেকেই ফুলহামের রক্ষণে ভীতি ছড়াতে থাকে গানাররা। ইনজুরি কাটিয়ে ফেরা বুকায়ো সাকা নবম মিনিটেই নিজের জাত চেনান। ডান দিক দিয়ে ফুলহামের রক্ষণ ফাঁকি দিয়ে বল বাড়িয়ে দেন ভিক্টর ইয়োকেরেসের দিকে। আলতো ছোঁয়ায় বল জালে জড়িয়ে আর্সেনালকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন ইয়োকেরেস।
৪০ মিনিটে এই দুই তারকা নিজেদের ভূমিকা পাল্টে দেন। এবার ইয়োকেরেসের পাস থেকে নিচু শটে গোল করে ব্যবধান ২-০ করেন সাকা। বিরতির পর ইনজুরি টাইমে লিয়াদ্রো ট্রোসার্ডের ক্রস থেকে হেডে নিজের দ্বিতীয় গোলটি করেন ইয়োকেরেস। এটি চলতি মৌসুমে লিগে তার ২১তম গোল। রিকার্দো ক্যালাফিওরির একটি দুর্দান্ত হেড পোস্টে লেগে ফিরে না আসলে স্কোরলাইন ৪-০ হতে পারত।
লিগে আর্সেনালের পরের ম্যাচ ১০ মে, প্রতিপক্ষ ওয়েস্টহ্যাম। এর আগে মঙ্গলবার রাতে ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে খেলবে মিকেল আর্তেতার দলটি। মাদ্রিদে প্রথম লেগটি ড্র হয়েছে ১-১ গোলে।
- বিষয় :
- ইংলিশ প্রিমিয়ার লিগ
- আর্সেনাল
