তিন ম্যাচেই হ্যাটট্রিক, দেশের জার্সিতে বিশ্বজয়ের স্বপ্ন লালপুরের আলেয়ার
আলেয়া খাতুন
নাটোর প্রতিনিধি
প্রকাশ: ১৩ মে ২০২৬ | ২০:৩৬
জীর্ণ কুটির থেকে উঠে আসা এক কিশোরীর স্বপ্ন এখন আকাশ ছুঁতে চাইছে। দারিদ্র্য যার নিত্যসঙ্গী, ফুটবল মাঠই সেখানে তার আশার বাতিঘর। নাটোরের লালপুরের প্রত্যন্ত গ্রাম জোতদৈবকির কৃষক পরিবারের সন্তান আলেয়া খাতুন প্রমাণ করেছে, অদম্য ইচ্ছাশক্তি থাকলে কোনো বাধাই পথ রুখতে পারে না।
প্রতিভা অন্বেষণভিত্তিক টুর্নামেন্ট ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এ দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে লালপুর উপজেলাকে চ্যাম্পিয়ন করেছে আলেয়া। টুর্নামেন্টের তিনটি ম্যাচেই টানা হ্যাটট্রিক করে বিরল কীর্তি গড়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে এই কিশোরী ফুটবলার।
প্রথম ম্যাচে নাটোর পৌরসভার বিপক্ষে আলেয়ার হ্যাটট্রিকে লালপুর ৩-০ গোলের জয় পায়। দ্বিতীয় ম্যাচে সিংড়া উপজেলার বিপক্ষে আবারও তিন গোল করে দলকে ৬-০ ব্যবধানে বড় জয় এনে দেয় সে। এরপর তৃতীয় ম্যাচে গুরুদাসপুরের বিপক্ষে তার অসাধারণ পারফরম্যান্সে ৪-০ গোলের জয়ে শিরোপা নিশ্চিত করে লালপুর। পুরো টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে নাটোর জেলার নারী ফুটবলে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে আলেয়া।
লালপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী আলেয়ার পরিবারে চার বোন ও এক ভাই। কৃষক বাবার উৎসাহই তার এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় শক্তি। বাবার অনুপ্রেরণায় নর্থ বেঙ্গল ফুটবল একাডেমিতে ভর্তি হয়ে কোচ জুয়েলের অধীনে নিয়মিত অনুশীলন করছে সে।
দারিদ্র্যের সঙ্গে লড়াই করেও আলেয়ার চোখে এখন বড় স্বপ্ন—একদিন বাংলাদেশের লাল-সবুজ জার্সি গায়ে জড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব করা এবং বিশ্বমঞ্চে দেশের পতাকা উড়ানো।
স্থানীয় ক্রীড়ানুরাগী ও এলাকাবাসীর বিশ্বাস, যথাযথ প্রশিক্ষণ ও সহযোগিতা পেলে আলেয়া ভবিষ্যতে দেশের নারী ফুটবলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গ্রামের এই কিশোরীর সাফল্যে এখন গর্বিত পুরো লালপুর ও নাটোরবাসী।
