ইউরোপের আদলে ফ্যান ক্লাব করবে মোহামেডান
মোহামেডান স্পোর্টিং ক্লাবের নতুন পরিচালনা পর্ষদের প্রথম বোর্ড সভা
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১৭ মে ২০২৬ | ২০:১২
মোহামেডান স্পোর্টিং ক্লাবের নতুন পরিচালনা পর্ষদের প্রথম বোর্ড সভা ছিল আজ রোববার। সেই সভায় নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ৯০ বছরের পূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনার চেষ্টা, ফুটবলে আগামী মৌসুমে শক্তিশালী দল গঠন, ইউরোপের আদলে ফ্যান ক্লাব গঠন করা নিয়ে আলোচনা হয়েছে প্রথম বোর্ড সভায়।
১৯৩৬ সালে প্রতিষ্ঠিত হয় মোহামেডান। জাঁকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে ৯০ বছর পূর্তি উদযাপন করার কথা আজ রোববার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন ক্লাবের সভাপতি বরকত উল্লাহ বুলু। তিনি বলেন, ‘আমাদের ক্লাবের ৯০ বছর পূর্তি অনুষ্ঠান সবাইকে নিয়ে বড় পরিসরে আয়োজন করব। ক্লাব সদস্য, সাবেক খেলোয়াড় ও শুভানুধ্যায়ীদের আমন্ত্রণ জানানো হবে। মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়েও অনুষ্ঠান করতে চাই। কবে এবং কখন অনুষ্ঠান হবে, সেটা পরে জানানো হবে।’
একসময় জাতীয় স্টেডিয়ামের পাশে ছিল মোহামেডান। তিন দশক আগে ক্লাবটি মতিঝিল আরামবাগে স্থানান্তরিত হয়। এই জমি পাওয়ার পেছনে তৎকালীন গণপূর্তমন্ত্রী মির্জা আব্বাসের বড় অবদান ছিল। তাই তাঁকে ক্লাবের উন্নয়ন কমিটির চেয়ারম্যান করা হয়েছে। এ প্রসঙ্গে সভাপতি বলেন, ‘মাত্র এক লাখ টাকার বিনিময়ে মোহামেডান এই জায়গা পেয়েছে। তৎকালীন গণপূর্তমন্ত্রীর অবদান অনেক। তাই ক্লাবের এই জায়গার উন্নয়নের জন্য তাঁকেই উন্নয়ন কমিটির সভাপতি করা হয়েছে। মতিঝিলের পাশাপাশি সাভারের ২৫ একর জায়গাও উন্নত করা হবে।’
গত মৌসুমে ২২ বছর পর ফুটবল লিগের শিরোপা জেতে ক্লাবটি। নতুন কমিটি আগামী মৌসুমে আরও শক্তিশালী দল গঠনের সিদ্ধান্ত নিয়েছে বলে জানান বরকত উল্লাহ বুলু, ‘আমরা এবার ক্রিকেটে ভালো দল গড়েছি। সেই ধারাবাহিকতায় ফুটবলেও বড় মানের দল গড়তে চাই। ক্রিকেট দল গঠনে আমাদের পরিচালক মাসুদুজ্জামান অনেক অর্থ দিয়েছেন। আমাদের ফুটবল কমিটির চেয়ারম্যান মোস্তফা কামাল দেশের শীর্ষ পর্যায়ের শিল্পপতি। আশা করি, তাঁর নেতৃত্বে ফুটবলেও শক্তিশালী দল গঠন হবে।’
তবে চলতি ফুটবল লিগে ভালো করতে পারেনি মোহামেডান। যদিও তারা ফেডারেশন কাপের ফাইনালে উঠেছে। আগামী ১৯ মে কিংস অ্যারেনায় ফাইনাল হওয়ার কথা রয়েছে। কিন্তু কিংস অ্যারেনা বসুন্ধরা কিংসের হোম ভেন্যু হওয়ায় মাঠ পরিবর্তনের দাবি জানিয়েছে মোহামেডান। আজকের সভায় এ বিষয়ে আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে সভাপতি বলেছেন, ‘আমরা এই বিষয়ে ফেডারেশনকে চিঠি দিয়েছি। আমরা নিরপেক্ষ ভেন্যুতে খেলতে চাই। ফেডারেশন সভাপতি দেশের বাইরে থেকে ফিরেছেন। আশা করি, একটি সিদ্ধান্ত পাওয়া যাবে।’
এদিকে ক্রিকেট বোর্ডের নির্বাচনী প্রক্রিয়াও চলছে। এ বিষয়ে বিসিবির সাবেক পরিচালক ও ক্লাবের বর্তমান ডিরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূঁইয়া বলেছেন, ‘আমাদের ক্লাব থেকে ক্রিকেট কমিটির চেয়ারম্যান মাসুদুজ্জামানকে কাউন্সিলর করা হয়েছে। এর বাইরে ক্রিকেট বোর্ড নিয়ে আমাদের কোনো অবস্থান নেই। আজকের (রোববার) সভায়ও ক্রিকেট বোর্ড নিয়ে কোনো আলোচনা হয়নি।’
- বিষয় :
- খেলা-ফুটবল
- মোহামেডান
