ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

আরও পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে মেসিকে, আশাবাদী স্কালোনি

আরও পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে মেসিকে, আশাবাদী স্কালোনি
×

মেজর লিগ সকারে ফিলাডেলফিয়ার বিপক্ষে ম্যাচে মেসি। ছবি: এএফপি

এএফপি

প্রকাশ: ২৭ মে ২০২৬ | ১৬:২৭

বিশ্বকাপ শুরু হতে যখন আর মাত্র দুই সপ্তাহ বাকি, ঠিক তখনই আর্জেন্টিনা শিবিরে শঙ্কার মেঘ জড়ো করেছে লিওনেল মেসির বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে পেশির ক্লান্তি। যদিও তাঁর ফিটনেসের অবস্থা ‘খুব একটা খারাপ নয়’ বলে জানিয়েছেন কোচ লিওনেল স্কালোনি। তিনি আশা করছেন, পরবর্তী পরীক্ষা-নিরীক্ষাগুলোতে ভালো খবর পাওয়া যাবে।

গত রোববার মেজর লিগ সকার-এ ফিলাডেলফিয়ার বিপক্ষে ইন্টার মায়ামির ম্যাচটিতে ৭৩তম মিনিটে মাঠ থেকে আচমকা উঠে যান মেসি। পরে তাঁর ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে পেশির ক্লান্তি ধরা পড়েছে।

৩৮ বছর বয়সে এসেও মেসি নিজের ষষ্ঠ বিশ্বকাপ খেলার অপেক্ষায় আছেন। শিরোপা ধরে রাখার মিশনেও তিনি প্রধান ভরসা। স্থানীয় সময় মঙ্গলবার আর্জেন্টিনার টিভি স্টেশন ডি-স্পোর্টসকে স্কালোনি বলেন, ‘এমন কিছু ঘটবে তা আমাদের আশা ছিল না।’

স্কালোনি বলেন, এখন অপেক্ষা করা ছাড়া উপায় নেই। দেখতে হবে তাঁর (মেসি) পরিস্থিতির কেমন উন্নতি হয়। কিছু মেডিকেল পরীক্ষা হবে, সেগুলোতে কেমন ফলাফল আসে সেটাই দেখার বিষয়। তবে আশা করা হচ্ছে, ভালো খবরই আসবে।

আগামী সপ্তাহে স্কালোনি চূড়ান্ত দল ঘোষণা করবেন। ইন্টার মায়ামির ম্যানেজার গুইলার্মো হোয়োস বলেছেন, ম্যাচে মেসি ক্লান্ত ছিলেন। বৃষ্টির কারণে মাঠের অবস্থাও সুবিধার ছিল না। তাই মেসির ফিটনেস নিয়ে কেউ কোনো ধরনের ঝুঁকি নিতে চায়নি।

সোমবার ইন্টার মায়ামির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, মেসির মাঠে ফেরার বিষয়টি এখন তাঁর শারীরিক অবস্থার ওপর নির্ভর করছে।

আরও পড়ুন

×