ঢাকা বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

মেসিসহ আর্জেন্টিনার পুরো দলের পাসপোর্টের তথ্য ফাঁস

মেসিসহ আর্জেন্টিনার পুরো দলের পাসপোর্টের তথ্য ফাঁস
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১ জুন ২০২৬ | ১১:১৮ | আপডেট: ১১ জুন ২০২৬ | ১১:১৯

বিশ্বকাপ মিশন শুরুর আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে আইসল্যান্ডকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। সেই জয় উদযাপনের মধ্যেই জানা গেল, লিওনেল মেসিসহ আর্জেন্টিনার স্কোয়াডে থাকা সকল ফুটবলারের পাসপোর্ট-সংক্রান্ত তথ্য ফাঁস হয়ে গেছে।

রয়টার্স জানায়, মঙ্গলবার আইসল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচের আগে অফিসিয়াল টিম শিটে খেলোয়াড়দের ব্যক্তিগত তথ্য সংযুক্ত করা হয়। সেই তালিকায় খেলোয়াড়দের পাসপোর্ট নম্বরও সংযুক্ত ছিল। নিয়ম অনুযায়ী, গণমাধ্যম ও জনসাধারণের কাছে সরবরাহের আগে পাসপোর্ট নম্বরসহ সংবেদনশীল তথ্য গোপন বা ঝাপসা করে দেওয়া হয়। কিন্তু এবার সেই সতর্কতা মানা হয়নি। এর ফলে মেসিসহ আর্জেন্টিনার খেলোয়াড়দের পাসপোর্ট নম্বর প্রকাশ্যে চলে আসে।

ফাঁস হওয়া তালিকায় মেসিসহ পুরো স্কোয়াডের খেলোয়াড়দের তথ্য ছিল বলে জানিয়েছে রয়টার্স। তবে বিষয়টি নিয়ে আয়োজক কর্তৃপক্ষ কিংবা আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। রয়টার্স জানিয়েছে, এ বিষয়ে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছে।

এদিকে মাঠের খেলায় অবশ্য কোনো প্রভাব পড়তে দেয়নি লিওনেল স্কালোনির দল। বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে ৮৮ হাজারের বেশি দর্শকের সামনে আইসল্যান্ডকে সহজেই হারিয়েছে আর্জেন্টিনা।

ম্যাচের শুরুতে ভ্যালেন্টিন বার্কোর গোলে এগিয়ে যায় আলবিসেলেস্তেরা। দ্বিতীয়ার্ধে চোট কাটিয়ে ফেরা লিওনেল মেসি ৬৯তম মিনিটে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন এবং মাত্র দুই মিনিট পর পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন। শেষদিকে থিয়াগো আলমাদার গোলে ৩-০ ব্যবধানের জয় নিশ্চিত হয়।

এর আগে হন্ডুরাসের বিপক্ষেও জয় পেয়েছিল আর্জেন্টিনা। এর মধ্য দিয়ে টানা দুই জয়ে বিশ্বকাপ মিশনের জন্য নিজেদের প্রস্তুতি শেষ করল বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

বিশ্বকাপের ২৩তম আসর শুরু হচ্ছে আজ রাতে। তবে আর্জেন্টিনা মাঠে নামবে আগামী বুধবার সকালে। শিরোপা ধরে রাখার লড়াইয়ে নিজেদের প্রথম ম্যাচে মেসিদের প্রতিপক্ষ আলজেরিয়া।

আরও পড়ুন

×