অবশেষে চ্যাম্পিয়ন মোহামেডান
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১২ জুন ২০২৬ | ২২:২৬
আবাহনী, মোহামেডান, প্রাইম ব্যাংক এই তিন দলই সমান ১৬ পয়েন্ট করে নিয়ে খেলতে নেমেছিল ঢাকা প্রিমিয়ার লিগের শেষ রাউন্ডে। মোহামেডান স্পোর্টিং ক্লাবের ম্যাচ ছিল জায়ান্ট আবাহনী লিমিটেডের সঙ্গে। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব খেলেছে ঢাকা লিওপার্ডসের সঙ্গে। শুক্রবার এই দুটি ম্যাচ অনুষ্ঠিত হয় বিকেএসপি ৩ ও ৪ নম্বর মাঠে। শিরোপা রেসে থেকেও হেরেছে আবাহনী আর প্রাইম ব্যাংক! ডাকওয়ার্থ লুইসের নিয়মে মোহামেডানের কাছে ৬৩ রানে হেরেছে আবাহনী। নবাগত লিওপার্ডও ৯ উইকেটে জিতেছে ডাকওয়ার্থ লুইসের নিয়মে।
এই দুই ক্লাবের একটির ক্রিকেট কমিটির চেয়ারম্যান, অন্যটির মালিক বিসিবি পরিচালক মাসুদুজ্জামান। ১৬ বছর পর মোহামেডানকে চ্যাম্পিয়ন করে ক্লাবের ক্রিকেট কমিটির চেয়ারম্যান হিসেবে সফল তিনি। ১১ ম্যাচের ৯টিতে জিতে ১৮ পয়েন্ট নিয়ে টেবিল টপার তারা। লিগে এ নিয়ে দশম শিরোপা জয় মোহামেডানের। ২০০৯-২০১০ লিগ মৌসুমের চ্যাম্পিয়ন ছিল তারা।
সদ্য সমাপ্ত লিগে গতবারের চ্যাম্পিয়ন আবাহনী রানার্সআপ। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব তৃতীয়, লেজেন্ডস অব রূপগঞ্জ চতুর্থ, অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব পঞ্চম, ঢাকা লিওপার্ড ষষ্ঠ, বসুন্ধরা স্ট্রাইকার্স সপ্তম, সিটি ক্লাব অষ্টম, গাজী গ্রুপ ক্রিকেটার্স নবম, রূপগঞ্জ টাইগার্স দশম স্থানে। প্রথম বিভাগে নেমে গেছে গুলশান ক্রিকেট ক্লাব ও ব্রাদার্স ইউনিয়ন। ৯ ম্যাচ খেলে ৩৩৬ রান ও ১২ উইকেট নিয়ে লিগের সেরা মোসাদ্দেক হোসেন। ৯ ম্যাচে ৫৩৪ রান নিয়ে সবার ওপরে সাহাদাত হোসেন দীপু। প্রাইম ব্যাংকের রহস্য স্পিনার আলিস আল ইসলাম ১০ ম্যাচে ২৪ উইকেট নিয়ে সেরা। এই তিন ক্রিকেটার ৩ লাখ টাকা করে সম্মানী পাবেন। চ্যাম্পিয়ন দল ১৫ লাখ, রানার্সআপ সাড়ে ১৩ লাখ টাকা অর্থ পুরস্কার পাবে।
বিকেএসপির ৩ নম্বর মাঠে এনামুল হক বিজয়ের ১৪১ আর পারভেজ হোসেন ইমনের ১৫০ রানে বিশাল সংগ্রহ পায় মোহামেডান। ৫০ ওভারে ৪ উইকেটে ৪০৬ রান করে দলটি। ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) দ্বিতীয় ইনিংসের ম্যাচে বৃষ্টি বাধা হলে ২৪.৪ ওভারে ২৪২ রানের লক্ষ্য পেয়েছিল আবাহনী। জবাব দিতে নেমে ৪ ওভারে ১৭৮ রান করে তারা। ডাকওয়ার্থ লুইসের নিয়মে ঢাকা প্রিমিয়ার লিগে দলীয় ৪২২ রান দলীয় সর্বোচ্চ। ২০২৫ সালে প্রাইম ব্যাংক ওই রান করেছিল ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে।
বিকেএসপির ৪ নম্বর মাঠে ৫০ ওভারে ৬ উইকেটে ২৬৬ রান করে প্রাইম ব্যাংক। বৃষ্টির কারণে ম্যাচে বিরতি পড়ায় ২৯.১ ওভারে ১৩৩ রানের লক্ষ্য পায় লিওপার্ডস। বেঁধে দেওয়া ওভারে ৩ উইকেটে ১৪২ রান করে জিতে নেয় ম্যাচ।
