ঢাকা রোববার, ১৪ জুন ২০২৬

নেইমারের দেওয়া জার্সি গায়ে ব্রাজিলের খেলা দেখলেন ‘আর্জেন্টিনা ভক্ত’ সাকিব

নেইমারের দেওয়া জার্সি গায়ে ব্রাজিলের খেলা দেখলেন ‘আর্জেন্টিনা ভক্ত’ সাকিব
×

ছবি- রবিন মিয়ার ফেসবুক থেকে নেওয়া

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪ জুন ২০২৬ | ১৫:৪৮ | আপডেট: ১৪ জুন ২০২৬ | ১৫:৫৫

আর্জেন্টিনার সমর্থক হলেও ব্রাজিলের জার্সি গায়ে ব্রাজিলের ম্যাচ দেখতে যাওয়ার কথা আগেই জানিয়েছিলেন সাকিব আল হাসান। করলেনও তাই। নিউ জার্সির মেটলাইফের গ্যালারিতে উপস্থিত থেকে ব্রাজিল ও মরক্কোর খেলা দেখেছেন বাঁহাতি এই অলরাউন্ডার। এখানেই শেষ নয়। এদিন সাকিবের গায়ে ছিল নেইমারের অটোগ্রাফ সম্বলিত ব্রাজিলের জার্সি।

নেইমারের স্বাক্ষরিত জার্সি কোথায় পেলেন জানতে চাইলে বাংলাদেশের একটি গণমাধ্যমকে সাকিব বলেন, ‘রবিন ভাই (নেইমারের বন্ধু বলে পরিচিত ব্রাজিলে বসবাসকারী বাংলাদেশি) দিয়েছেন। তিনি দিয়েছেন বলেই পরেছি। তা না হলে পরা হতো না।’

গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে ব্রাজিল। এদিন সেলেসাওদের জার্সি পরে খেলা দেখলেও সাকিব সমর্থন দিয়েছেন মরক্কোকে। তিনি বলেন, ‘মরক্কো ভালো খেলেছে। মনে মনে মরক্কোর সাপোর্টার ছিলাম।’

নেইমারের সঙ্গে রবিন মিয়ার সম্পর্কের খবর ফুটবলের খোঁজখবর রাখেন এমন কারও অজানা নয়। ব্রাজিলের সাও পাওলোতে বসবাসকারী এই বাংলাদেশির সঙ্গে নেইমার ও তার পরিবারের ঘনিষ্ঠতার বিষয়টি কাতার বিশ্বকাপের সময়ও আলোচনায় এসেছিল। রবিন মিয়াও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সাকিবের সঙ্গে ছবি তুলে পোস্ট করেছেন। সেখানেও ব্রাজিলের জার্সি গায়ে দেখা যায় সাকিবকে।

এর রবিন মিয়া আরেক পোস্টে জানিয়েছিলেন, নেইমার ও তার বাবা তাকে তিনটি পার্সোনালাইজড জার্সি এবং ব্রাজিলের গ্রুপ পর্বের তিনটি ম্যাচের টিকিট উপহার দিয়েছেন।

ব্রাজিল ও মরক্কোর মধ্যকার ম্যাচ সম্পর্কে জানতে চাইলে সাকিব তার চিরচেনা ভঙ্গিতেই উত্তর দিয়েছেন। বাংলাদেশের সাবেক এই অধিনায়ক বলেন, ‘আমি ফুটবল বিশ্লেষক না। খেলা দেখতে এসেছি, ভালো লেগেছে।’

মাঠ ও মাঠের বাইরের নানা বিষয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা সাকিব এখন অনেকটাই পর্দার আড়ালে। দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা এই অলরাউন্ডার বর্তমানে পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাস করছেন।

আরও পড়ুন

×