ফুটবল বিশ্বকাপের উন্মাদনা সাগরিকায়!
ছবি- সমকাল
শৈবাল আচার্য্য, চট্টগ্রাম থেকে
প্রকাশ: ১৯ জুন ২০২৬ | ১৯:০৬
কারও পরণে আর্জেন্টিনার জার্সি, কারও আবার ব্রাজিলের। কেউ আবার মুখে এঁকেছেন এ দুই দেশের পতাকাও। গ্যালারিতে এক সারিতে বসেছেন আর্জেন্টিনার জার্সি পরিহিত সমর্থকরা। অন্য পাশে ব্রাজিলের জার্সি পরিহিত সমর্থকরা। ‘সেভেন আপ, সেভেন আপ’, ‘মেসি মেসি’- এভাবে নানা স্লোগান আর করতালিতে একে অপরকে করেন ঘায়েল করার চেষ্টা। এই দৃশ্য চট্টগ্রামের সাগরিকার বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামের।
শুক্রবার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মধ্যে অনুষ্ঠিত হয় ২য় টি-টোয়েন্টি ম্যাচটি। মূলত ক্রিকেট খেলা দেখতে আসলেও, চলমান ফুটবল বিশ্বকাপের উন্মাদনা ছড়িয়ে পড়ে পুরো সাগরিকায়। আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থক অনেক দর্শক বাংলাদেশের খেলা দেখতে ছুটে এসেছিলেন দুই দেশের জার্সি পরেই। দুই দলের সমর্থকদের কথার লড়াই দেখে দেখার উপায় ছিল না সাগরিকায় ক্রিকেট ম্যাচ চলছে, নাকি ফুটবল বিশ্বকাপ চলছে আর্জেন্টিনা- ব্রাজিলের মধ্যে। তবে দুই দলের এমন কথার লড়াই বাড়তি উন্মাদনার জন্ম দেয় স্টেডিয়ামে। যা দারুণভাবে উপভোগ করেন সবাই।
আর্জেন্টিনার জার্সি গায়ে দিয়ে স্টেডিয়ামে আসা কলেজ পড়ুয়া শিক্ষার্থী মো. শিমুল বলেন, ‘ক্রিকেটে বাংলাদেশ এবং ফুটবলে আমার প্রিয় দল আর্জেন্টিনা। তাই প্রিয় দলের জার্সি পড়ে এসেছি। বাংলাদেশের পতাকাও কিন্তু হাতে রেখেছি। বিশ্বকাপের প্রথম ম্যাচেই মেসি যে চমৎকার খেলা দেখিয়েছেন তা সত্যি অসাধারণ। আমার মতো অনেকেই আর্জেন্টিনার জার্সি পড়ে খেলা দেখতে এসেছে। ব্রাজিলের জার্সি পড়া সমর্থকদের দেখলেই সবাই মেসি মেসি, আর্জেন্টিনা স্লোগান দিয়ে মাতিয়ে তুলি পুরো গ্যালারি।’
ব্র্যাজিলের জার্সি পড়ে আসা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবিদ হোসেন বলেন, ‘বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার ক্রিকেট খেলা দেখতে এলেও দর্শকদের বেশিরভাগই ব্রাজিল ও আর্জেন্টিনার জার্সি পড়ে এসেছেন। এটি মাঠে ভিন্নমাত্রা যোগ করেছে।’
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক সিরাজুল ইসলাম আলমগীর বলেন, '২য় টি-টোয়েন্টি ম্যাচে দর্শকে পরিপূর্ণ হয়েছে পুরো সাগরিকা স্টেডিয়াম। একটা টিকেটও অবিকৃত ছিল না। মাঠে আশানুরূপ দর্শকের উপস্থিতি হওয়ায় আমরাও আনন্দিত। মাঠে আসা দর্শকদের অনেকের গায়ে আর্জেন্টিনা ও ব্রাজিলের জার্সি দেখা গেছে। যা ক্রিকেট মাঠে অন্যরকম আবহ তৈরি করেছে।’
সাড়ে ১৮ হাজার দর্শকের ধারণ ক্ষমতার সাগরিকা স্টেডিয়ামের প্রতিটি প্রান্তে গতকাল শুক্রবার দর্শকদের উপস্থিতি আরও কিছুটা বেশি দেখা যায়। অনেকে আবার টিকেট না পেয়ে স্টেডিয়ামের আশপাশের ভবন, গাছ, ফ্লাইওভারের উপরে উঠেও প্রিয় দেশের খেলা উপভোগ করতে দেখা যায়।
গুরুত্বপূর্ণ এই ম্যাচে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় সফরকারী অস্ট্রেলিয়া। রেনশর ৫২ বলে ৮৯ রানের অপরাজিত দুর্দান্ত ইনিংসে বাংলাদেশকে ১৯৭ রানের চ্যালেঞ্জিং স্কোর ছুড়ে দেয় অস্ট্রেলিয়া। ১৯৭ রান তাড়া করতে নেমে তানজিদ ও সাইফের ব্যাটে দারুণ শুরু করেও শেষ ওভারের নাটকিয়তায় ৭ রানে হার মানতে হয় বাংলাদেশকে। শেষ ওভারে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ২০ রান। ক্রিজে থাকা হৃদয় শেষ বলে ছক্কা মারতে গিয়ে ৩৫ রানে ক্যাচ আউট হন। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৯ রানে থামে বাংলাদেশের ইনিংস। এতে একম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিল অস্ট্রেলিয়া। তীরে এসেও তরী ডুবে যাওয়ায় একবুক হতাশা নিয়ে স্টেডিয়াম ত্যাগ করেন দর্শকরা। এজন্য খেলোয়াড় নির্বাচনে ভুল হওয়ার কথাও বলেন তারা।
- বিষয় :
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া
- আর্জেন্টিনা
- ব্রাজিল
