রোবেন-পার্সিদের পাশে গ্যাকপো ও ব্রবি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২২ জুন ২০২৬ | ০৯:১৩ | আপডেট: ২২ জুন ২০২৬ | ০৯:১৪
বিশ্বকাপের প্রথম ম্যাচে তিউনিসিয়াকে ৫-১ গোলে হারিয়ে উড়ন্ত সূচনা করেছিল সুইডেন। পরের ম্যাচে নেদারল্যান্ডসের কাছে একই ব্যবধানে হারের তিক্ত স্বাদ নিতে হয়েছে সুইডিশদের। গত শনিবার রাতে হিউস্টনে নেদারল্যান্ডসের বড় জয়ের নায়ক ব্রায়ান ব্রবি ও কডি গ্যাকপো। উভয়েই জোড়া গোল করে ডাচদের ফুটবল আকাশের দুই উজ্জ্বল তারকা রবিন ফন পার্সি ও আরিয়ান রোবেনের রেকর্ডে ভাগ বসিয়েছেন।
২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপে সালভাদরের অ্যারেনা ফন্তে নোভাতে বিশ্বকাপ ইতিহাসের অন্যতম সেরা জয় পেয়েছিল নেদারল্যান্ডস। স্পেনের বিপক্ষে ডাচদের ওই ম্যাচটি ছিল যেন আগের বিশ্বকাপ ফাইনাল ম্যাচের পুনরাবৃত্তি। যে ম্যাচে নেদারল্যান্ডসকে ১-০ ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ জিতেছিল স্পেন। ব্রাজিল বিশ্বকাপে স্পেনকে রীতিমতো বিধ্বস্ত করে নিজেদের ক্ষোভের পোড়া ক্ষততে মলম লাগিয়েছিল ডাচরা। ফন্তে নোভা স্টেডিয়ামে কমলা রঙের জার্সিধারীরা ৫-১ গোলে উড়িয়ে দেয় ডিফেন্ডিং বিশ্বচ্যাম্পিয়ন দলটিকে।
বিশ্বকাপ ম্যাচে ডাচদের পক্ষে দুই খেলোয়াড়ের জোড়া গোলের নজির ছিল ওই একবারই। ব্রাজিল বিশ্বকাপের সেই ম্যাচের ১২ বছর এবং সাত দিন পর সুইডেনের বিপক্ষে ম্যাচে রোবেন ও ফন পার্সির সেই রেকর্ডে ভাগ বসিয়েছেন ব্রবি ও গ্যাকপো। ম্যাচ শেষে ফিফাকে দেওয়া সাক্ষাৎকারে সান্দারল্যান্ড স্ট্রাইকার ব্রবি বলেন, ‘আসলে ওই রেকর্ডের বিষয়টি আমার জানা ছিল না। কিন্তু সেটা করতে পেরে আমি খুবই গর্বিত। রবিন (ফন পার্সি) ও আরিয়ান রোবেন দুজনে নেদারল্যান্ডস ফুটবলের দুই কিংবদন্তি। এই ম্যাচের পরে রবিন ও রোবেনের রেকর্ডের পাশে আমাদের নাম লেখাতে পারে আমি ও দলের খেলোয়াড়রা গর্বিত।’
সুইডেনের বিপক্ষে লড়াইয়ে প্রথম ম্যাচের একাদশে মাত্র একটি পরিবর্তন এনে দল সাজিয়েছিল নেদারল্যান্ডস। এতে শুরুতেই মাঠে নামার সুযোগ পেয়েছিলেন ব্রবি। নিজের প্রতি কোচের আস্থার প্রমাণ দিতে বেশি সময় নেননি ২৪ বছর বয়সী এই স্ট্রাইকার। ম্যাচের ৫ ও ১৭ মিনিটে জোড়া গোল করে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন। প্রথমার্ধে আর গোলের দেখা পায়নি ডাচরা। বিরতির পর লিভারপুল উইংগার কডি গ্যাকপো ৪৭ ও ৫৪ মিনিটে জোড়া গোল করে সুইডেনকে ম্যাচে ফেরার পথে চীনের প্রাচীর গড়ে দেন।
মাত্র ১৭ মিনিটেই নেদারল্যান্ডসকে পরিষ্কারভাবে এগিয়ে দিতে পেরে উচ্ছ্বসিত ব্রবি, ‘মাঠে নেমেই খেলায় নিজের ছাপ রাখতে পারাটা অসাধারণ ব্যাপার। পুরো দল দারুণ খেলেছে। জয়ে ভূমিকা রাখতে পেরে খুবই ভালো লাগছে।’
