সেলসো-লাউতারোর গোলে বিরতিতে আর্জেন্টিনা
ছবি- এএফপি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৮ জুন ২০২৬ | ০৮:৫৬ | আপডেট: ২৮ জুন ২০২৬ | ০৯:১২
লিওনেল মেসিকে বেঞ্চে রেখেও দাপট কমেনি আর্জেন্টিনার। ডালাসে জর্ডানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচের প্রথমার্ধেই ২-০ গোলের লিড নিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। গোল দুটি করেছেন জিওভানি লো সেলসো ও লাউতারো মার্তিনেজ।
গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে আগেই শেষ বত্রিশ নিশ্চিত করা আর্জেন্টিনা এদিন নিয়মিত একাদশে ৯টি পরিবর্তন এনে মাঠে নামে। তবু শুরু থেকেই বলের দখল ও আক্রমণে আধিপত্য দেখায় লিওনেল স্কালোনির দল। প্রথম ১৫ মিনিটে প্রায় ৮২ শতাংশ সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রাখে আলবিসেলেস্তেরা।
_1782615743.jpg)
৭ মিনিটে আলভারেজের পাস থেকে লো সেলসো বল জর্ডানের জালে জড়ালেও রেফারি অফসাইডের কারণে তা বাতিল করেন। ১৭ মিনিটে বক্সের ঠিক বাইরে লো সেলসোকে ফাউল করে বসেন জর্ডানের তোহা। রেফারি তাকে হলুদ কার্ড দেখানোর পাশাপাশি আর্জেন্টিনার পক্ষে ফ্রি-কিকের নির্দেশ দেন।
বক্সের ঠিক বাইরে এমন পজিশনে ফ্রি-কিক পাওয়ায় গ্যালারির সব আর্জেন্টাইন সমর্থক হয়তো মাঠের বাইরে থাকা লিওনেল মেসির অভাব বোধ করছিলেন। কিন্তু মেসি না থাকার আক্ষেপ এক নিমিষেই ভুলিয়ে দেন লো সেলসো। ১৯ মিনিটে জর্ডানের তৈরি করা মানবদেয়ালকে ফাঁকি দিয়ে বাঁ পায়ের বাঁকানো শটে বল পোস্টের ওপরের বাঁ কোণ দিয়ে জালে জড়ান তিনি। জর্ডানের গোলরক্ষকের চেয়ে চেয়ে দেখা ছাড়া আর কিছুই করার ছিল না।
গোলের পরও আক্রমণ থামায়নি আর্জেন্টিনা। ২৮তম মিনিটে তাগলিয়াফিকোর ক্রস থেকে লাউতারো মার্তিনেজের প্রথম শট ক্রসবারে লেগে ফিরে আসে। ফিরতি বলে মার্কোস সেনেসির হেড জর্ডানের গোলরক্ষক ঠেকিয়ে দিলেও পরের মুহূর্তেই ভিএআরের সাহায্যে পেনাল্টি পায় আর্জেন্টিনা। বল ক্লিয়ার করতে গিয়ে আল রাশদানের বুট সেনেসির মুখে আঘাত করলে মনিটরে রিপ্লে দেখে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। ৩১তম মিনিটে স্পট কিক থেকে ঠান্ডা মাথায় গোল করেন লাউতারো। এটিই বিশ্বকাপে ইন্টার মিলান ফরোয়ার্ডের প্রথম গোল।

প্রথমার্ধের শেষ দিকে কিছুটা আক্রমণে ওঠার চেষ্টা করে জর্ডান। তবে নিকোলাস ওতামেন্দি, মার্কোস সেনেসি ও পালাসিওসদের দৃঢ় রক্ষণে তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি তারা। উল্টো যোগ করা সময়ে ওতামেন্দির হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হলে ব্যবধান আরও বাড়ানোর সুযোগ হাতছাড়া হয় আর্জেন্টিনার। শেষ পর্যন্ত ২-০ গোলের স্বস্তিদায়ক লিড নিয়েই বিরতিতে যায় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
- বিষয় :
- আর্জেন্টিনা
