ঢাকা বুধবার, ০১ জুলাই ২০২৬

কঙ্গোর রক্ষণ ভাঙার চ্যালেঞ্জ কেইনের

কঙ্গোর রক্ষণ ভাঙার চ্যালেঞ্জ কেইনের
×

নাজমুল হক নোবেল

প্রকাশ: ০১ জুলাই ২০২৬ | ১১:১২

কঙ্গোর কোচ সেবাস্তিয়ান ডেসারবি আফ্রিকান ফুটবলের বিশেষজ্ঞ। ফরাসি এ কোচ আইভরি কোস্ট, ক্যামেরুন, তিউনিশিয়া, মিসর, আলজেরিয়া, মরক্কোসহ আফ্রিকার বেশ কিছু দেশের ক্লাবে কোচিং করিয়েছেন। এরপর উগান্ডা জাতীয় দলে দায়িত্ব পালন শেষে ২০২৩ সালে কঙ্গোর কোচের চাকরি নিয়েছেন। ৫২ বছর পর বিশ্বকাপে ফেরা পশ্চিম আফ্রিকার সাব-সাহারা অঞ্চলের দেশটিকে এই প্রথমবারের মতো নকআউটে তুলেছেন। তাঁর এই সাফল্যের মূলে হলো শক্তিশালী রক্ষণভাগ। এই রক্ষণের অধিকাংশ সদস্য আবার ইংল্যান্ডে ক্লাব ফুটবলে খেলেন। তাই ইংলিশদের কৌশল সম্পর্কে ভালোই ধারণা রয়েছে তাদের। তাই কঙ্গোর রক্ষণে ভালোই চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন হ্যারি কেইন-জুড বেলিংহামরা।

কঙ্গোর রাইট-ব্যাক অ্যারন ওয়ান-বিসাখার জন্ম ইংল্যান্ডে। ওয়েস্ট হামের এই ফুটবলারের ক্লাব ক্যারিয়ার পুরোপুরি ইংল্যান্ডে। লেফট-ব্যাক আর্থার মাসুকা খেলেন প্রিমিয়ার লিগের ক্লাব সান্ডারল্যান্ডে। ম্যানচেস্টার ইউনাইটেডের ‘ইয়ুথ প্রজেক্ট’ থেকে ওঠে আসা সেন্টার ব্যাক এক্সেল তোয়ানজেবেও খেলেন প্রিমিয়ার লিগের ক্লাব বার্নলিতে। রক্ষণের আরেক স্তম্ভ চ্যানেল এম্বেমা খেলেন ফরাসি ক্লাব লিলেতে। তিনিও দীর্ঘদিন নিউক্যাসলে খেলেছেন। জানা গেছে, এ ম্যাচে পাঁচ ডিফেন্ডার নিয়ে খেলবে কঙ্গো। ডিফেন্সের সেই পঞ্চম সদস্য হতে পারেন পোল্যান্ডে ক্লাব ফুটবল খেলা সেন্টার-ব্যাক স্টিভ কাপোদি। তিন সেন্টার-ব্যাক ও দুই উইং-ব্যাকের দেয়াল ভেঙে গোল বের করাটা ইংলিশদের জন্য বেশ চ্যালেঞ্জিং হবে। এরমধ্যে চারজনের আবার ইংল্যান্ডে ফুটবল খেলার অভিজ্ঞতায় ইংলিশ ফুটবলের নাড়িনক্ষত্র অনেক কিছুই জানা। আর কঙ্গোর ভরসাও এই রক্ষণ। কোচ ডেসারবি ইতোমধ্যে সে ঘোষণা দিয়েছেন। গত সেপ্টেম্বর থেকে ১৬টি ম্যাচ খেলেছে কঙ্গো। এরমধ্যে একটি ম্যাচে তারা কেবল একের অধিক গোল হজম করেছে।

তবে ইংল্যান্ড দলও ফর্মে আছে। গত কয়েক মৌসুম ধরেই নিয়মিত গোল করে যাচ্ছেন বায়ার্ন মিউনিখ স্ট্রাইকার হ্যারি কেইন। পানামার বিপক্ষে দারুণ এক গোল করে ইংল্যান্ডের হয়ে বিশ্বকাপে গ্যারি লিনেকারের সর্বোচ্চ ১০ গোলের রেকর্ড ভেঙে দিয়েছেন তিনি। এ রেকর্ডের পর বেলিংহাম তাঁকে ইংল্যান্ডের ইতিহাসের সেরা ফরোয়ার্ডের মর্যাদা দিয়েছেন। বেলিংহামও ছন্দে আছেন। পানামার বিপক্ষে গোলের সূচনা রিয়াল মাদ্রিদের এ মিডফিল্ডারই করেছিলেন। এ দুজনের সঙ্গে আজ বুকায়ো সাকা ও মার্কাস রাশফোর্ড আক্রমণভাগে থাকছেন বলে জানা গেছে। তবে ইংল্যান্ডের দুই রাইট-ব্যাক জেমস রিসে ও জারল কোয়ানশা ইনজুরিতে পড়েছেন। তাই আজ কঙ্গোর বিপক্ষে মাঠে নামতে পারেন ডিজেড স্পেন্স। সেন্টার-ব্যাক হিসেবে এজরি কোনসা ও মার্ক গেহি খেলবেন। জন স্টোন্সের ফিটনেস সমস্যা রয়েছে।

কঙ্গো শিবিরে কোনো চোট সমস্যা নেই। গ্রুপ পর্বে পর্তুগাল ও কলম্বিয়ার মতো পাঁচ ডিফেন্ডার নিয়ে খেলবে কঙ্গো। এজন্য উজবেকিস্তানের বিপক্ষে খেলা স্ট্রাইকার ব্রায়ান সিপেঙ্গাকে সাইডবেঞ্চে বসতে হবে। ফরোয়ার্ড লাইন সামলাবেন নিউ ক্যাসল স্ট্রাইকার ইয়ান উইসা ও সেডরিক বাকুম্বা। মাঝমাঠে নেতৃত্ব দেবেন সান্ডারল্যান্ডের নোহা সিদিকি। এই দুই দল এখনও কোনো ম্যাচে পরস্পরের মুখোমুখ হয়নি। আর এবারের আসরে সাত পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে এসেছে ইংল্যান্ড। থমাস টুখেলের শিষ্যরা গ্রুপ পর্বে ক্রোয়েশিয়া ও পানামার বিপক্ষে জিতলেও আফ্রিকার দেশ ঘানার বিপক্ষে ড্র করেছে। কঙ্গোও অনেকটা ঘানার মতোই শরীরনির্ভর ফুটবল খেলে। এটাই আসরের অন্যতম ফেভারিট ইংল্যান্ডের জন্য ভয়ের কারণ।

আরও পড়ুন

×