ঢাকা রোববার, ০৫ জুলাই ২০২৬

‘এন্টি হালান্ড’ পরিকল্পনা নেই কার্লোর 

‘এন্টি হালান্ড’ পরিকল্পনা নেই কার্লোর 
×

ব্রাজিলের ডিফেন্ডার গ্যাব্রিয়েল ও নরওয়ের স্ট্রাইকার হালান্ডের লড়াই জমতে পারে। ছবি: এআই

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬ | ২০:০৩

আর্লিং হালান্ড নির্ভর দল নরওয়ে। ২৮ বছর পর দেশকে বিশ্বকাপে তুলতে বড় ভূমিকা রেখেছেন ম্যানচেস্টার সিটির এই তারকা। সময়ের অন্যতম সেরা স্ট্রাইকারও তিনি। হালান্ডের কাঁধে ভর করে বিশ্বকাপের শেষ ষোলোয় উঠেছে নরওয়ে। প্রথমবার তাদের সামনে কোয়ার্টার ফাইনালে খেলার সুযোগ। সামনে প্রতিপক্ষ ব্রাজিল। 

হালান্ডের পাশাপাশি নরওয়ে দলে আছেন আর্সেনালের মার্টিন ওডেগার্ডের মতো প্লে মেকার। সংবাদ সম্মেলনে তাই ব্রাজিলের ইতালিয়ান কোচ কার্লোর আনচেলত্তিকে অবধারিত প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে- ‘আপনার কোন এন্টি হালান্ড পরিকল্পনা আছে কিনা?’ 

উত্তরে ডন কার্লো বলেছেন, হালান্ডের পেছনে কাউকে ছায়ার মতো লাগিয়ে রাখার পরিকল্পনা তার নেই। তার মতে, মার্কুইনোস ও গ্যাব্রিয়েল মাগালহায়েসরা পূর্বেই হালান্ডের মুখোমুখি হয়েছেন। যে কারণে তারা জানেন, কীভাবে ম্যানসিটি স্ট্রাইকারের বিপক্ষে খেলতে হয়। 

আনচেলত্তি বলেন, ‘আমার মনে করি না, এন্টি হালান্ড টাইপের কোন পরিকল্পনা আমাদের করতে হবে। আমার ডিফেন্ডাররা জানে, কীভাবে তার বিরুদ্ধে খেলতে হয়। পূর্বেও তারা একে-অপরের মুখোমুখি হয়েছে। দল হিসেবে আমরা খুব ভালো অবস্থায় আছি। তবে উন্নতির জায়গা আছে। সকলেই জানে, তাদের কাজ কী। আমার ডিফেন্ডারদের আলাদা করে কিছু শেখানোর দরকার নেই।’ 

প্রিমিয়ার লিগে গেল কয়েক বছর ধরে হালান্ড ও গ্যাব্রিয়েলের লড়াই খুবই স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। হালান্ডের বিপক্ষে গ্যাব্রিয়েল একাধিকবার খেলার সুবিধাই দেখছেন সেলেসাও কোচ আনচেলত্তি, ‘তারা কয়েকবার একে অপরের মুখোমুখি হয়েছে। আমাদের মনোযোগ ম্যাচের জন্য ভালো প্রস্তুতি নেওয়া এবং প্রতিপক্ষের একেবারেই বেসিক খেলার ধরন সম্পর্কে ধারণা নেওয়া। যেমন তারা আক্রমণে খুব ভালো।’ 

কার্লো আনচেলত্তি মনে করছেন, নরওয়ে বেশ গোছালো এবং চ্যালেঞ্জিং দল। তারা ভালো ফুটবল খেলছে। তবে ব্রাজিলও সেরা সময়ে পৌঁছে গেছে এবং ভাইকিংসদের বিপক্ষে সেরা ফুটবলটা খেলতে হবে। জাপানের বিপক্ষে জয় সেলেসাওদের প্রয়োজনীয় আত্মবিশ্বাস দিয়েছে বলেও উল্লেখ করেন চলতি বিশ্বকাপের সবচেয়ে অভিজ্ঞ ও শিরোপা জয়ী কোচ আনচেলত্তি।  

আরও পড়ুন

×