এটাই শেষ বিশ্বকাপ, জানিয়ে দিলেন রোনালদো
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৬ জুলাই ২০২৬ | ১৪:৩১
স্পেনের বিপক্ষে শেষ ষোলোর মহারণের আগে বাস্তবতার মুখোমুখি দাঁড় করালেন ক্রিশ্চিয়ানো রোনালদো। রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নামা ৪১ বছর বয়সী এই পর্তুগিজ মহাতারকা স্পষ্ট জানিয়ে দিলেন, এটাই তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। তবে ট্রফি আসুক বা না আসুক, বিদায়বেলায় কোনো আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে চান না তিনি।
সংবাদ সম্মেলনের শেষভাগে রোনালদো বলেন, ‘এটাই আমার শেষ বিশ্বকাপ হতে দিন। হ্যাঁ, এটাই আমার শেষ বিশ্বকাপ। তবে আশা করি আগামীকালই (স্পেনের বিপক্ষে) আমার শেষ ম্যাচ হয়ে যাচ্ছে না।’
সাবেক রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড শুরুতে এই টুর্নামেন্টটিই তার শেষ কি না, তা নিশ্চিত করতে চাননি। কারণ আগামী ২০৩০ সালের পরবর্তী বিশ্বকাপের সময় তার বয়স গিয়ে ঠেকবে ৪৫-এ। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি যখন চাইব, তখনই থামব। আপনারা সবসময় একই প্রশ্ন করেন, এটাই কি শেষ? দেখা যাক কী হয়। তবে একেবারে মন থেকে বলছি, আগামীকাল যা-ই ঘটুক না কেন, ক্রিশ্চিয়ানো ১০০০% পরিষ্কার বিবেক নিয়ে, মাথা উঁচু করেই বিদায় নেবে।’
ফুটবলকে নিজের সবটুকু উজার করে দেওয়ার তৃপ্তি নিয়ে বলেন, ‘এতগুলো বছর ধরে খেলে যাওয়াটা আমার আবেগ। প্রয়োজনের তাগিদে আমি খেলছি না, জীবন আমাকে যথেষ্ট দিয়েছে। সবটাই আসলে ভালোবাসার টানে।’
সংবাদ সম্মেলনে বেশ ফুরফুরে মেজাজে থাকা রোনালদো স্বীকার করেন, আগের পাঁচটি বিশ্বকাপের চেয়ে এবারের আসরটি তিনি অনেক বেশি উপভোগ করছেন।
