ঢাকা সোমবার, ০৬ জুলাই ২০২৬

সিনেমায় এন্ড্রু কিশোরের শেষ গান, মুক্তির কথা জানালেন পরিচালক

সিনেমায় এন্ড্রু কিশোরের শেষ গান, মুক্তির কথা জানালেন পরিচালক
×

এন্ড্র কিশোর

আনন্দ প্রতিদিন প্রতিবেদক

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬ | ১৫:৩৮ | আপডেট: ০৬ জুলাই ২০২৬ | ১৫:৪০

বাংলা চলচ্চিত্রের প্লেব্যাক ইতিহাসে এন্ড্র কিশোর এক অনন্য নাম। ‘প্লেব্যাক সম্রাট’ হিসেবে পরিচিত এই কণ্ঠশিল্পীর অপ্রকাশিত গান নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে সংগীতাঙ্গনে। ২০২০ সালের এই দিনে ৬ জুলাই মারা যান এন্ড্রু কিশোর। তাঁর মৃত্যুর পরও প্রকাশ পায়নি এমন বেশ কিছু গান নিয়ে এখন নতুন করে আলোচনা হচ্ছে।

জানা গেছে, মৃত্যুর আগে তিনি অন্তত ২০টি চলচ্চিত্রে প্রায় ৩০টির মতো গান রেকর্ড করেছিলেন, যেগুলো এখনও মুক্তি পায়নি। এন্ড্রু কিশোরের শেষ দিকের কাজের মধ্যে অন্যতম ছিল ছটকু আহমেদের ‘দলিল’ সিনেমার গান, যা তাঁর অন্যতম আবেগঘন রেকর্ডিং হিসেবে বিবেচিত।

এ ছাড়া ‘দত্তক’ ও ‘এক কোটি টাকা’সহ একাধিক সিনেমায় তাঁর কণ্ঠে ডুয়েট ও একক গান রয়েছে। সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘সংঘাত’-এ তিনি দুটি গান গেয়েছিলেন। এর মধ্যে ন্যান্সির সঙ্গে গাওয়া ‘আরও আগে কেন দেখা হলো না’ গানটি এবং বেলার সঙ্গে ‘সুখেরই ঠিকানা’ অন্য একটি গান শ্রোতাদের মধ্যে বিশেষ সাড়া ফেলে।

ছটকু আহমেদ বলেন, ‘কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর ‘দলিল’ সিনেমার ‘ভালোবাসা একবারই হয়, বারো মাস ভালোবাসা হয় না’ গানটি বেশ দরদ দিয়ে করেছিলেন। যতদূর মনে পড়ে, সিনেমায় গানে এটিই তাঁর শেষ গান। বরেণ্য গীতিকার মনিরুজ্জামানের কথায় গানটির সুর করেছেন আলাউদ্দিন আলী। এটি তাঁর সুর করা সর্বশেষ গান। আর এন্ড্রু কিশোরের সঙ্গে গানটিতে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন। নানা কারণে সিনেমাটির কাজ শেষ করতে পারিনি। ইচ্ছা আছে কাজটি শেষ করার। এরপর সিনেমার মুক্তি নিয়ে ভাবব। শ্রোতারা অপেক্ষায় আছেন গানটির জন্য। সিনেমাটি মুক্তির পর শ্রোতারা শুনতে পাবেন তাদের প্রিয় শিল্পীর গানটি।’

এন্ড্রু কিশোরের দীর্ঘদিনের সহকর্মী কণ্ঠশিল্পী মোমিন বিশ্বাস বলেন, “দাদার গাওয়া অনেক গানই এখনও বিভিন্ন চলচ্চিত্রে ব্যবহৃত হয়েছে। কিছু সিনেমার কাজ শেষ হয়নি, কিছু আবার মুক্তির অপেক্ষায়। ‘দত্তক’ সিনেমায় দাদার সঙ্গে একটি ডুয়েট গান করেছি। ‘এইতো জীবন কিছু হাসি কিছু কান্না’ শিরোনামে বাবা ছেলের এই গানটির সুর সংগীত পরিচালনা করেছেন আলাউদ্দিন আলী। গানটি শ্রোতাদের ভালো লাগবে বলে আশা করছি।’ 

রাজশাহীতে জন্ম নেওয়া এন্ড্রু কিশোর শৈশব থেকেই সংগীতের সঙ্গে যুক্ত হন। ১৯৭৭ সালে ‘মেইল ট্রেন’ চলচ্চিত্রে ‘অচিনপুরের রাজকুমারী নেই’ গানের মাধ্যমে তাঁর প্লেব্যাক যাত্রা শুরু হয়। তাঁর গাওয়া গানের সংখ্যা ১৫ হাজারেরও বেশি বলে সংগীত সংশ্লিষ্টদের ধারণা। চার দশকেরও বেশি দীর্ঘ ক্যারিয়ারে এন্ড্রু কিশোর আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। তাঁর গাওয়া ‘হায়রে মানুষ রঙিন ফানুস’, ‘ডাক দিয়াছেন দয়াল আমারে’, ‘ভালো আছি ভালো থেকো’, ‘জীবনের গল্প আছে বাকি অল্প’সহ অসংখ্য গান আজও শ্রোতাদের হৃদয়ে জায়গা করে আছে।

জানা গেছে, এন্ড্রু কিশোরের স্ত্রী লিপিকা এন্ড্রু ইতি বর্তমানে ঢাকায় অবস্থান করছেন, তবে সন্তানরা দেশের বাইরে থাকেন। শিল্পীর স্মৃতি সংরক্ষণে কিছু উদ্যোগ নেওয়ার ইচ্ছা থাকলেও তা এখনও বাস্তবায়ন হয়নি বলে পরিবার সূত্রে জানা গেছে। বাংলা সংগীতের এই কিংবদন্তির অপ্রকাশিত গানগুলো প্রকাশ পেলে নতুন প্রজন্মের কাছে তাঁর শিল্পীসত্তা আরও একবার নতুনভাবে ফিরে আসবে বলে মনে করছেন সংগীত সংশ্লিষ্টরা।

আরও পড়ুন

×