ঢাকা সোমবার, ০৬ জুলাই ২০২৬

নোয়াখালীতে ধর্ষণ মামলার আসামির মৃত্যুদণ্ড

নোয়াখালীতে ধর্ষণ মামলার আসামির মৃত্যুদণ্ড
×

আসামি শাহাদাত হোসেন

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬ | ১৬:৩৬ | আপডেট: ০৬ জুলাই ২০২৬ | ১৬:৪৫

নোয়াখালীর চাটখিলে পাঁচ বছর বয়সী চাচাতো বোনকে ধর্ষণ ও হত্যার দায়ে জেঠাতো ভাই শাহাদাত হোসেনকে (২৬) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে নোয়াখালীর বিশেষ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ফারজানা আক্তার এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত শাহাদাত চাটখিল উপজেলার বদলকোট ইউনিয়নের মেঘা গ্রামের বাসিন্দা। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) সেলিম শাহী রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, আদালত আদেশে বলেছেন, আসামিকে মৃত্যুদণ্ড কার্যকর না হওয়া পর্যন্ত ফাঁসিতে ঝুলিয়ে রাখতে হবে। রায় ঘোষণার সময় শাহাদাত আদালতে উপস্থিত ছিলেন। 

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২২ সালের ২৪ মার্চ দুপুরে বাড়ি থেকে নিখোঁজ হয় ভুক্তভোগী শিশুটি। ঘটনার নয় দিন পর বাড়ির পেছনের সেপটিক ট্যাংক থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। তদন্তে শাহাদাতকে গ্রেপ্তার করা হলে তিনি আদালতে জবানবন্দিতে জানান, ধর্ষণের পর বিষয়টি প্রকাশ পেয়ে যাওয়ার আশঙ্কায় তিনি শিশুটিকে শ্বাসরোধে হত্যা করেন এবং মরদেহ সেপটিক ট্যাংকে ফেলে রাখেন।

এ ঘটনায় ২০২২ সালের ৬ এপ্রিল শিশুর বাবা বাদী হয়ে চাটখিল থানায় শাহাদাতকে একমাত্র আসামি করে মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন।

নোয়াখালী জেলা পুলিশের আদালত পরিদর্শক-১ মো. শহীদুল ইসলাম জানান, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি বর্তমানে আদালত হাজতে রয়েছেন। তাকে নোয়াখালী জেলা কারাগারে পাঠানো হবে।

আরও পড়ুন

×