খাগড়াছড়িতে শিশু ধর্ষণের দায়ে একজনের মৃত্যুদণ্ড
অভিযুক্ত মো. শাহীন। ছবি- সংগৃহীত
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: ০৬ জুলাই ২০২৬ | ১৬:৫৭
খাগড়াছড়ির রামগড়ে সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের দায়ে মো. শাহিন নামে একজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে খাগড়াছড়ি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শায়লা শারমিন এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী ও ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট সৃজনী ত্রিপুরা। এসময় দণ্ডপ্রাপ্ত আসামি মো. শাহিন আদালতে উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী সৃজনী ত্রিপুরা জানান, ২০২৫ সালের ২৫ জুলাই রামগড় উপজেলায় খাবারের প্রলোভন দেখিয়ে সাত বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ করেন শাহিন। ঘটনার এক বছরের মধ্যেই মামলার বিচার সম্পন্ন হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, এ রায়ের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত হয়েছে।
অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট বেদারুল ইসলাম জানান, তারা এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন। তাঁর দাবি, নিম্ন আদালতের এ রায়ে ন্যায়বিচার নিশ্চিত হয়নি।
- বিষয় :
- ধর্ষণ
- আসামি
- মৃত্যুদণ্ড