ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

মেসির সঙ্গে বাগবিতণ্ডার পর ‘বর্ণবাদবিরোধী’ সংকেত মিসরের কোচের

মেসির সঙ্গে বাগবিতণ্ডার পর ‘বর্ণবাদবিরোধী’ সংকেত মিসরের কোচের
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬ | ১৫:২৫ | আপডেট: ০৮ জুলাই ২০২৬ | ১৫:৩৯

আর্জেন্টিনা-মিসর শেষ ষোলোর নাটকীয় লড়াই শেষ হলেও বিতর্ক যেন থামছেই না। ৩-২ ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। তবে ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। সেখানে দেখা যায়, আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ের পর মিসরের প্রধান কোচ হোসাম হাসান বুকের ওপর দুই হাত ক্রস করে ফিফার ‘বর্ণবাদবিরোধী’ সংকেত দেখাচ্ছেন।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ম্যাচের শেষ দিকে টাচলাইনের কাছে মেসি ক্ষুব্ধ ভঙ্গিতে হোসাম হাসানকে কিছু বলছেন। ঠিক এরপরই মিসর কোচ বুকের ওপর দুই হাত আড়াআড়িভাবে রেখে ‘এক্স’ আকৃতির একটি ইশারা করেন। ফিফার বর্ণবাদবিরোধী প্রটোকলে এই সংকেতটি বিশেষ গুরুত্ব বহন করে।

আসলে কী ঘটেছিল?

ভিডিওটি প্রকাশের পর নানা ধরনের আলোচনা শুরু হলেও, মেসি ঠিক কী বলেছিলেন বা হোসাম হাসান কেন ওই সংকেত দেখিয়েছেন, তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। এছাড়া হোসাম হাসান, মিসর ফুটবল অ্যাসোসিয়েশন কিংবা ফিফার পক্ষ থেকেও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি। তাই এই মুহূর্তে সংকেতটি কাকে উদ্দেশ্য করে দেওয়া হয়েছিল তা নিশ্চিত করে বলা সম্ভব নয়।

কী এই ‘এক্স’ সংকেত?

২০২৪ সালে বর্ণবাদবিরোধী প্রচারণার অংশ হিসেবে ফিফা এই বিশেষ সংকেত চালু করে। মাঠে কোনো খেলোয়াড়, কোচ বা কর্মকর্তা বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন বলে মনে করলে বুকের ওপর দুই হাত ক্রস করে এই সংকেত দিতে পারেন।

ফিফার নির্দেশনা অনুযায়ী, এমন সংকেত দেখানো হলে রেফারি পরিস্থিতি মূল্যায়ন করবেন। প্রয়োজন হলে খেলা সাময়িকভাবে থামিয়ে সতর্কবার্তা দেওয়া বা গুরুতর পরিস্থিতিতে ম্যাচ স্থগিত করার ব্যবস্থাও নেওয়া যেতে পারে।

তবে আর্জেন্টিনা-মিসর ম্যাচে হোসাম হাসান এই সংকেত দেখানোর পরও রেফারি খেলা থামাননি এবং ম্যাচ-পরবর্তী অফিসিয়াল রিপোর্টেও এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রেফারিং নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন হোসাম হাসান। তার অভিযোগ, গুরুত্বপূর্ণ কয়েকটি সিদ্ধান্ত মিসরের বিপক্ষে গেছে। এমনকি ক্ষোভ প্রকাশ করে তিনি জানান, বিশ্বকাপ থেকে বিদায়ের পর এই আসরের আর কোনো ম্যাচ তিনি দেখবেন না। সূত্র: এনডিটিভি

 

আরও পড়ুন

×