সুখবর পেলেন মিসর কোচ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৯ জুলাই ২০২৬ | ১৩:১৮
২০২৬ বিশ্বকাপে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে ২-০ গোলে এগিয়েও শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে হেরে বিদায় নিতে হয়েছে মিসরকে। এর মধ্যেই বড় সুখবর পেলেন দলটির প্রধান কোচ হোসাম হাসান। বিশ্বকাপে মিসরের ঐতিহাসিক পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে তার চুক্তির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে অনুমোদন করেছে মিসর ফুটবল অ্যাসোসিয়েশন (ইএফএ)।
বুধবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন ইএফএ সভাপতি হানি আবু রিদা। তিনি বলেন, ‘অ্যাসোসিয়েশনের পরিচালনা পর্ষদ প্রধান কোচ হোসাম হাসান এবং দলের সহকারী পরিচালক ইব্রাহিম হাসানের চুক্তির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে অনুমোদন করেছে।’
মিসরের স্থানীয় সংবাদমাধ্যমগুলোর দাবি, যমজ দুই ভাই হোসাম ও ইব্রাহিম হাসানের নতুন চুক্তির মেয়াদ থাকবে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত। ৫৯ বছর বয়সী হোসাম হাসান ২০২৪ সালের ফেব্রুয়ারিতে মিসরের দায়িত্ব নেন। তার অধীনেই দলটি ২০২৫ সালের আফ্রিকা কাপ অব নেশনসের (আফকন) সেমিফাইনালে পৌঁছায়।
হোসাম হাসানের অধীনেই ২০২৬ বিশ্বকাপে ইতিহাস গড়ে মিসর। গ্রুপ পর্বে নিউজিল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপে নিজেদের প্রথম জয়ের স্বাদ পায় ফারাওরা। এরপর বেলজিয়াম ও ইরানের সঙ্গে ড্র করে রানার্সআপ হিসেবে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করে।
এরপর শেষ বত্রিশে অস্ট্রেলিয়াকে টাইব্রেকারে হারিয়ে ১৯৩৪ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ ষোলোতে ওঠে মিসর। শেষ ষোলোর ম্যাচেও বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে দীর্ঘ সময় চাপে রেখেছিল মিসর। ম্যাচের ৭৮ মিনিট পর্যন্ত ২-০ ব্যবধানে এগিয়ে থেকে লিওনেল মেসিদের বিদায়ের দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছিল তারা। তবে শেষ ১৩ মিনিটে তিন গোল হজম করে নাটকীয়ভাবে ৩-২ ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় সালাহরা।
কোচ হিসেবে সফল হওয়ার বহু আগেই হোসাম হাসান মিসরের কিংবদন্তি ফুটবলার হিসেবে নিজের নাম প্রতিষ্ঠা করেছেন। জাতীয় দলের হয়ে ১৭৭ ম্যাচে রেকর্ড ৬৯ গোল করা এই সাবেক স্ট্রাইকার এখনও দেশটির ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা।
- বিষয় :
- বিশ্বকাপ ফুটবল
- মিসর