রেফারির সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়, কী বলেছিলেন মেসি?
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১২ জুলাই ২০২৬ | ১১:২১ | আপডেট: ১২ জুলাই ২০২৬ | ১৫:৩৫
সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার ১২০ মিনিটের শ্বাসরুদ্ধকর ম্যাচে ৩-১ গোলে জিতেছে আর্জেন্টিনা। রোমাঞ্চকর এই লড়াইয়ে আলাদা করে আলোচনায় এসেছে একটি মুহূর্ত। মাঠে লড়াইয়ের মধ্যে হঠাৎ নজর কাড়ে রেফারির সঙ্গে লিওনেল মেসির উত্তপ্ত বাক্যবিনিময়ের একটি ঘটনা। টেলিভিশনের ক্যামেরা ও সামাজিকমাধ্যমে মুহূর্তেই ছড়িয়ে পড়ে সেই দৃশ্য।
ম্যাচ চলাকালে ৩৮ বছর বয়সী পর্তুগিজ রেফারি জোয়াও পেদ্রো পিনেইরোর সঙ্গে তর্কে জড়ান মেসি। মূলত রেফারির কথা বলার ধরন ও আচরণ নিয়ে তীব্র আপত্তি জানান আর্জেন্টাইন তারকা। মাঠে দলের অধিনায়ক হিসেবে নিজের সম্মান ও অবস্থানের প্রশ্নে অনড় থেকে সরাসরি রেফারির মুখের ওপর ক্ষোভ প্রকাশ করেন।
ঘটনাটি ঘটে প্রথমার্ধে সুইজারল্যান্ডের একটি ফ্রি কিকের ঠিক আগ মুহূর্তে। সুইসদের ফ্রি কিক ঠেকাতে আর্জেন্টিনার রক্ষণ দেওয়ালে দাঁড়িয়েছিলেন মেসি। এ সময় রেফারি পিনেইরো নির্ধারিত দূরত্বে যাওয়ার নির্দেশ দেন। কিন্তু পর্তুগিজ রেফারির কথা বলার ভঙ্গি ও আক্রমণাত্মক অঙ্গভঙ্গি পছন্দ হয়নি মেসির। তিনি সঙ্গে সঙ্গে রেফারির দিকে এগিয়ে গিয়ে বলেন, ‘আমাকে সম্মান দিয়ে কথা বলুন।’
উত্তেজনা সেখানেই থামেনি। সুইসদের ফ্রি কিক নেওয়া শেষ হওয়ার পর দুজনের মধ্যে আবার উত্তপ্ত বাক্যবিনিময় হয়। মেসি আবার রেফারির দিকে এগিয়ে যান এবং টিভি ক্যামেরার ক্লোজ শটে তার ঠোঁট নড়া দেখে স্পষ্ট বোঝা যায়, তিনি বলছিলেন, ‘আমার সঙ্গে ঠিকভাবে কথা বলুন। আমাকে অসম্মান করবেন না। আমি তো আপনাকে সম্মান দিয়েই কথা বলছি।’
পর্তুগালের ভিলা নোভা দে ফামালিসাওতে জন্ম নেওয়া এই রেফারি মেসির চেয়ে এক বছরের ছোট। ইউরোপের সম্ভাবনাময় রেফারিদের একজন হিসেবে বিবেচনা করা হয় তাকে। ২০১৫ সালে পর্তুগালের শীর্ষ লিগে অভিষেক হয় তার। এর মাত্র এক বছর পরই পান ফিফার আন্তর্জাতিক ব্যাজ।
ইউরোপিয়ান ফুটবলে ধীরে ধীরে নিজের জায়গা করে নেন পিনেইরো। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগ ও ২০২৫ সালের উয়েফা সুপার কাপের মতো বড় প্রতিযোগিতায় দায়িত্ব পালন করেন তিনি। এসব অভিজ্ঞতা তাকে জায়গা করে দিয়েছে ২০২৬ বিশ্বকাপের রেফারি প্যানেলে।