ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে কত টাকা পেল স্পেন, আর্জেন্টিনার প্রাপ্তি কত?

বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে কত টাকা পেল স্পেন, আর্জেন্টিনার প্রাপ্তি কত?
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০ জুলাই ২০২৬ | ০৬:২৬ | আপডেট: ২০ জুলাই ২০২৬ | ০৬:২৭

২০২৬ ফিফা বিশ্বকাপের শিরোপা জিতে ইতিহাস গড়েছে স্পেন। ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি রেকর্ড অঙ্কের প্রাইজমানিও ঘরে তুলেছে লা রোহারা।

ফিফার ঘোষণা অনুযায়ী, চ্যাম্পিয়ন দল হিসেবে স্পেন পেয়েছে ৫ কোটি মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৬১৬ কোটি টাকা।

অন্যদিকে, রানার্সআপ আর্জেন্টিনা প্রাইজমানি হিসেবে পেয়েছে ৩ কোটি ৩০ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪০৬ কোটি টাকা।

শুধু দুই ফাইনালিস্টই নয়, টুর্নামেন্টের অন্য শীর্ষ দলগুলোরও মোটা অঙ্কের অর্থপ্রাপ্তি হয়েছে। তৃতীয় স্থান অর্জনকারী ইংল্যান্ড পেয়েছে ২ কোটি ৯০ লাখ ডলার (প্রায় ৩৫৭ কোটি টাকা), আর চতুর্থ হওয়া ফ্রান্সের প্রাপ্তি ২ কোটি ৭০ লাখ ডলার (প্রায় ৩৩৩ কোটি টাকা)।

৪৮ দলের এই বিশ্বকাপের জন্য ফিফা রেকর্ড ৮৭ কোটি ১০ লাখ মার্কিন ডলারের প্রাইজ ফান্ড ঘোষণা করে, যা ২০২২ কাতার বিশ্বকাপের তুলনায় প্রায় ৫০ শতাংশ বেশি। অংশগ্রহণকারী প্রতিটি দল প্রস্তুতি ভাতা ও অংশগ্রহণ বাবদ ন্যূনতম ১ কোটি ২৫ লাখ ডলার পেয়েছে। নকআউট পর্বের বিভিন্ন ধাপ পর্যন্ত ওঠা দলগুলো পারফরম্যান্স অনুযায়ী অতিরিক্ত প্রাইজমানিও পেয়েছে।

তবে এই অর্থ সরাসরি খেলোয়াড়দের হাতে যায় না। ফিফা প্রাইজমানি সংশ্লিষ্ট দেশের ফুটবল ফেডারেশনের কাছে হস্তান্তর করে। পরে ফেডারেশনগুলো নিজস্ব নীতিমালা ও চুক্তি অনুযায়ী খেলোয়াড়, কোচিং স্টাফ এবং ফুটবল উন্নয়ন খাতে সেই অর্থ বণ্টন করে।

আরও পড়ুন

×