ভলিবল চ্যাম্পিয়নশিপ: নেপালকে হারিয়ে তৃতীয় জয় বাংলাদেশের
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৬ জুলাই ২০২৬ | ১৮:৪৬
পাঁচ সেটের তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই শেষে কাভা মেন’স ভলিবল চ্যাম্পিয়নশিপে জয়ের ধারায় রয়েছে বাংলাদেশ। পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত আসরে নিজেদের চতুর্থ ম্যাচে আজ নেপালকে ৩-২ সেটে হারিয়েছে বাংলাদেশ দল।
ম্যাচে ২৫-১৮ ব্যবধানে প্রথম সেট হেরে ব্যাকফুটে চলে গেলেও দ্বিতীয় সেটে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ১৯-২৫ ব্যবধানে জিতে সমতায় ফেরেন হরসিত-সুজনরা। তৃতীয় সেটে নেপাল ২৫-২১ ব্যবধানে এগিয়ে গেলে চতুর্থ সেটটি ২৩-২৫ পয়েন্টে জিতে ম্যাচকে ভাগ্যনির্ধারণী পঞ্চম সেটে নিয়ে যায় বাংলাদেশ। সেখানে নিজেদের দাপট বজায় রেখে ১৫-১১ ব্যবধানে রোমাঞ্চকর জয় নিশ্চিত করে লাল-সবুজের প্রতিনিধিরা।
চলতি আসরে উজবেকিস্তান ও কাজাখস্তানের পর নেপালের বিপক্ষে জয় তুলে নিল বাংলাদেশ। শ্রীলঙ্কা, পাকিস্তানসহ ছয় দেশের এই প্রতিযোগিতায় সোমবার রাউন্ড রবিন লিগে নিজেদের পঞ্চম ও শেষ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।