ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

মুশফিকের জন্য এই টেস্ট জয় কেন বিশেষ, জানালেন শান্ত

মুশফিকের জন্য এই টেস্ট জয় কেন বিশেষ, জানালেন শান্ত
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬ | ১৬:৪৬

২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। এই জয়ের বিশেষত্ব আরও বেড়েছে মুশফিকুর রহিমের জন্য। ২১ বছরের টেস্ট ক্যারিয়ারে প্রথমবার অস্ট্রেলিয়ার মাটিতে খেলতে নেমেই জয়ের স্বাদ পেয়েছেন বাংলাদেশের অভিজ্ঞ এই ব্যাটার। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর চোখেও তাই মুশফিকের এই মুহূর্তটি ছিল বিশেষ।

জয় নিশ্চিত হওয়ার পর দলের সঙ্গে উদ্‌যাপনের সময় একটি স্টাম্প তুলে নেন মুশফিক। সেই মুহূর্তটিও ছুঁয়ে গেছে শান্তকে। মুশফিককে নিয়ে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘সে বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার এবং টেস্ট ক্রিকেট খেলতে সে সবসময়ই ভালোবাসে। প্রায় ২০-২১ বছরের ক্যারিয়ারে ১০০টির বেশি টেস্ট খেলেছে, কিন্তু এখানে এই প্রথম। এটা খুব কঠিন। এখানে আসার আগে সে খুবই উত্তেজিত ছিল। জয় পাওয়ার পর সে দৌড়ে গিয়ে স্টাম্প তুলে নিয়েছে, এটা খুব বিশেষ মুহূর্ত।’

দলে মুশফিকের অবদানেরও প্রশংসা করেছেন শান্ত। তিনি বলেন, ‘এই দলে তার ভূমিকা দারুণ ছিল। ব্যাটার হিসেবে, সিনিয়র খেলোয়াড় হিসেবে সে নিজের দায়িত্ব পালন করেছে এবং দলকে অনেকভাবে সহায়তা করেছে।’

মুশফিকের ক্যারিয়ারের পরিসংখ্যানও এই জয়ের বিশেষত্বকে আরও বাড়িয়ে দেয়। ১০৪টি টেস্ট খেলা মুশফিক ক্যারিয়ারে ৩৬টি ভেন্যুতে খেলেছেন। ২০০৫ সালে লর্ডসে শুরু হয়েছিল তার টেস্ট ভেন্যুর যাত্রা। অস্ট্রেলিয়ার ডারউইনের মারারা স্টেডিয়াম ছিল সেই তালিকার ৩৬তম ভেন্যু এবং অস্ট্রেলিয়ার মাটিতে তার প্রথম টেস্ট। আর প্রথমবার অস্ট্রেলিয়ায় খেলেই জয়। অস্ট্রেলিয়ায় খেলা তার একমাত্র টেস্টেই জয় পেয়েছেন তিনি। 

সংশ্লিষ্ট খবর

আরও পড়ুন

×