মোহামেডানে স্প্যানিশ কোচ সান্তিয়াগো ভারেলা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬ | ১৭:৫৭
ভারতীয় ক্লাব ফুটবলে কোচিংয়ের অভিজ্ঞতা নিয়ে এবার বাংলাদেশে কাজ করতে আসছেন ফার্নান্দো সান্তিয়াগো ভারেলা। ২০২৬-২৭ মৌসুমের জন্য আর্জেন্টিনায় জন্ম নেওয়া এই স্প্যানিশ কোচকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। মঙ্গলবার ক্লাবের বোর্ডরুমে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে ভারেলার নিয়োগের বিষয়টি জানান ক্লাবের পরিচালক ও ডাইরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূঁইয়া।
উয়েফা প্রো লাইসেন্সধারী এই কোচের কোচিং ক্যারিয়ারের বড় অংশই কেটেছে ভারতে। ২০১৮ সালে দেশটির গোকুলাম কেরালায় যোগ দেন ভারেলা। প্রথম মৌসুমেই দলকে কেরালা প্রিমিয়ার লিগ শিরোপা জেতান, আর পরের মৌসুমে এনে দেন মর্যাদাপূর্ণ ডুরান্ড কাপের ট্রফি। এরপর ভারেলা দায়িত্ব নেন চার্চিল ব্রাদার্সের। ২০২০-২১ মৌসুমে তার অধীনে আই-লিগে রানার্সআপ হয় ক্লাবটি। ওই মৌসুমে ১৫ ম্যাচে চার্চিল ব্রাদার্সের জয় ছিল আটটি, ড্র পাঁচটি এবং হার দুটি।
এফসি বেঙ্গালুরু ইউনাইটেডের দায়িত্বেও ছিলেন ভারেলা। তার অধীনে ১৯ ম্যাচে ১২টি জয়, তিনটি ড্র ও চারটি হারের রেকর্ড ছিল দলটির। ২০২৩ সালে তার কোচিংয়ে বেঙ্গালুরু ইউনাইটেড জেতে স্ট্যাফোর্ড চ্যালেঞ্জ কাপ। সর্বশেষ ভারতের এসসি দি গোয়ার দায়িত্বে ছিলেন ভারেলা।
মোহামেডানের ডাগআউটে কতটা আলো ছড়াতে পারেন, তা সময়ই বলে দেবে। বসুন্ধরা কিংস থেকে ৯ ফুটবলারকে ভিড়িয়ে এবার শক্তিশালী দলও গড়েছে সাদা-কালোরা।
- বিষয় :
- মোহামেডান
- সান্তিয়াগো ভারেলা