মেসির ১০ নম্বর জার্সি এবার কার?
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬ | ১৭:২৪ | আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৬ | ১৭:২৪
লিওনেল মেসি আর্জেন্টিনা জাতীয় দলকে বিদায় জানিয়েছেন। হাতে লেখা আবেগঘন বার্তা ও ভিডিওর মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে নিজের অধ্যায়ের সমাপ্তি টেনেছেন রোজারিওর মহাতারকা। তবে মেসির বিদায়ের সঙ্গে নতুন একটি প্রশ্নও সামনে এসেছে, আর্জেন্টিনার বিখ্যাত ১০ নম্বর জার্সি এবার কার গায়ে উঠবে?
২০০৯ সালের ২৮ মার্চ ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচে প্রথমবার আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি পরেছিলেন মেসি। সেদিন ৪-০ গোলের জয়ে জাতীয় দলের হয়ে নতুন এক অধ্যায়ের শুরু হয় তার। এরপর প্রায় দুই দশক ধরে ১০ নম্বর জার্সি মানেই হয়ে উঠেছিল মেসি।
মেসির বিদায়ের পর স্বাভাবিকভাবেই সেই জার্সির উত্তরসূরি নিয়ে আলোচনা শুরু হয়েছে। অবশ্য তার অনুপস্থিতিতে সাম্প্রতিক সময়ে কয়েকজন ফুটবলারকে ১০ নম্বর পরে মাঠে নামতে দেখা গেছে।
২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে ইকুয়েডরের বিপক্ষে সর্বশেষ ম্যাচে মেসির অনুপস্থিতিতে ১০ নম্বর জার্সি পরেছিলেন ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন তিনি। এর আগে উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে এই জার্সি গায়ে খেলেছেন আনহেল কোরেয়া। ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনার ৪-১ গোলের বড় জয়েও ১০ নম্বর ছিল তার গায়ে। চিলির বিপক্ষে ম্যাচে এই জার্সি পরেছিলেন পাওলো দিবালা। তবে মজার বিষয়, এদের কেউই ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনার চূড়ান্ত দলে ছিলেন না। ফলে মেসির স্থায়ী উত্তরসূরি হিসেবে কারও নাম এখনই নিশ্চিত করে বলা কঠিন।
আর্জেন্টিনা দলে নিয়মিত থাকা কয়েকজন অবশ্য ক্লাব পর্যায়ে ১০ নম্বর জার্সির সঙ্গে পরিচিত। ইন্টার মিলানের লাউতারো মার্তিনেজ, লিভারপুলের অ্যালেক্সিস ম্যাকআলিস্টার ও কোমোর নিকোলাস পাজ। তিনজনই ক্লাব ফুটবলে ১০ নম্বর পরে খেলেছেন।
এ ছাড়া রদ্রিগো ডি পল রেসিং ও উদিনেজেতে ১০ নম্বর জার্সি পরেছেন। বোকা জুনিয়র্সে এই নম্বরে খেলেছেন লিয়ান্দ্রো পারেদেস। থিয়াগো আলমাদা ভেলেস সার্সফিল্ড ও আটলান্টা ইউনাইটেডে ১০ নম্বর পরেছেন। রোসারিও সেন্ট্রালে জিওভানি লো সেলসো এবং আর্জেন্টিনোস জুনিয়র্স ও ফিওরেন্তিনায় নিকোলাস গঞ্জালেসের গায়েও ছিল এই জার্সি।
তবে জাতীয় দলের ১০ নম্বর আর ক্লাবের ১০ নম্বর এক বিষয় নয়। মেসির দীর্ঘ ছায়া পেরিয়ে এই জার্সি নেওয়ার সঙ্গে বাড়তি চাপ ও প্রত্যাশাও থাকবে। তাই নতুন কাউকে দায়িত্ব দেওয়ার আগে কোচ লিওনেল স্কালোনিকে ভাবতে হবে বেশ কয়েকটি দিক।
সেপ্টেম্বর-অক্টোবরে পরবর্তী ফিফা উইন্ডোতেই মিলতে পারে প্রথম ইঙ্গিত। মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি শেষ পর্যন্ত কার গায়ে ওঠে, এখন সেটিই দেখার অপেক্ষা।
- বিষয় :
- আর্জেন্টিনা
- লিওনেল মেসি