মেসি-লেভান্ডোভস্কির লড়াইয়ে জেতেনি কেউ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬ | ১৩:০০
লিওনেল মেসির কর্নার থেকে কাসেমিরোর হেডে গোল, তার আগে রবার্ট লেভান্ডোভস্কির দারুণ ফিনিশিং। দুই তারকার আলো ছড়ানো ম্যাচ শেষ পর্যন্ত জয়ের স্বাদ দিতে পারেনি কাউকেই। মেজর লিগ সকারে শিকাগো ফায়ার এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ইন্টার মায়ামি।
বৃহস্পতিবার ভোরে সোলজার ফিল্ডে মুখোমুখি হয়েছিল দুই দল। ম্যাচটি ঘিরে বাড়তি আগ্রহ ছিল মেসি ও লেভান্ডোভস্কিকে নিয়ে। এমএলএসে এই প্রথম মুখোমুখি হলেন আধুনিক ফুটবলের অন্যতম সেরা দুই তারকা। ম্যাচ দেখতে গ্যালারিতে উপস্থিত ছিলেন ৬৩ হাজার ৯৪ জন দর্শক। যা শিকাগো ফায়ারের মাঠে কোনো ম্যাচে সর্বোচ্চ দর্শক উপস্থিতির নতুন রেকর্ড।
শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে শিকাগো। ম্যাচের ১০ মিনিটেই লিড পেয়ে যায় স্বাগতিকরা। দারুণ এক ফিনিশিংয়ে গোল করে দলকে এগিয়ে দেন লেভান্ডোভস্কি। এমএলএসে নিজের প্রথম নয় ম্যাচে এটি পোলিশ ফরোয়ার্ডের ষষ্ঠ গোল। পিছিয়ে পড়ার পর সমতা ফেরানোর চেষ্টা চালায় মায়ামি। মেসি ও জার্মান বেরেতেরামেও সুযোগ তৈরি করেন। তবে শিকাগোর গোলরক্ষক ক্রিস ব্র্যাডির দৃঢ়তায় প্রথমার্ধে আর গোল পায়নি সফরকারীরা।
বিরতির পর অবশ্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি মায়ামিকে। ৪৮তম মিনিটে মেসির নেওয়া কর্নার থেকে শক্তিশালী হেডে বল জালে পাঠান কাসেমিরো। তাতে ১-১ সমতায় ফেরে মায়ামি। চলতি মৌসুমে এটি ব্রাজিলিয়ান মিডফিল্ডারের তৃতীয় গোল। এই গোলে মেসিও গড়েছেন নতুন কীর্তি। চলতি মৌসুমে তার অ্যাসিস্ট সংখ্যা বেড়ে হয়েছে ১৩টি, যা এখন পর্যন্ত এমএলএসে সর্বোচ্চ।
সমতা ফেরার পর জয়সূচক গোলের জন্য চাপ বাড়ায় মায়ামি। কিন্তু শিকাগোর রক্ষণভাগ ও ব্র্যাডিকে আর পরাস্ত করতে পারেনি তারা। অন্যদিকে দ্বিতীয়ার্ধে মায়ামির গোলরক্ষক ডেইন সেন্ট-ক্লেয়ারও দুটি গুরুত্বপূর্ণ সেভ করে স্বাগতিকদের আর গোল করতে দেননি।
ড্রয়ে ২৪ ম্যাচে মায়ামির পয়েন্ট দাঁড়াল ৪৪। আগস্টের শুরু থেকে অবশ্য দলটির সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। ওই সময়ের আট ম্যাচে মাত্র একটিতে জয় পেয়েছে তারা। অন্যদিকে শিকাগোর এটি টানা চতুর্থ ড্র। তবে টানা সাত ম্যাচ ধরে অপরাজিত রয়েছে ফায়ার। চলতি মৌসুমে ঘরের মাঠেও তাদের পারফরম্যান্স বেশ ভালো, ১১ ম্যাচে পেয়েছে সাত জয়।