মেসিকে স্কালোনির কোচিং স্টাফে আনার দাবি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬ | ১৮:১৮
রদোলফো সিঙ্গালানি– আর্জেন্টিনা ফুটবলে খুব পরিচিত ও প্রভাবশালী ক্রীড়া সাংবাদিক। সেই তিনিই দাবি তুলেছেন আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের পর তাঁকে যেন আর্জেন্টিনা ফুটবল দলের কোচিং স্টাফে যুক্ত করা হয়।
টিওয়াইসি স্পোর্টসে নিজের কলামে ওই সাংবাদিক লিখেছেন, ‘মেসির জাতীয় দলের সঙ্গে যুক্ত থাকার একটি উপায় রয়েছে। হয়তো সব সময় নয়, তবে যখনই তিনি চাইবেন– এমনকি ফুটবলার হিসেবে খেলা চালিয়ে যাওয়ার সময়ও লিও এজেইজায় (বুয়েন্স আয়ার্সে আর্জেন্টিনার ট্রেনিং সেন্টার) আসতে পারেন। যখন আর্জেন্টিনা বিশ্বকাপ বাছাইপর্ব, কোপা আমেরিকা বা অন্য কোনো গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে। তখন মেসি এসে কোচিং স্টাফের আরেকজন সদস্য হিসেবে থাকতে পারেন; তাঁকে থাকতেই হবে।’
মেসিকে আর্জেন্টিনা যে কিছুতেই ছাড়তে চায় না– তার একটা প্রবল আকুতি রয়েছে এই সাংবাদিকের কলামে। তাঁর যুক্তি– ‘আর্জেন্টিনার ট্রেনিং গ্রাউন্ডে মেসির হেঁটে বেড়ানোটাই খেলোয়াড়দের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেরা মানের ফুটবলাররা কেবল উচ্চপর্যায়ের বা সেরা মানুষদের কথাই গুরুত্ব দিয়ে শোনেন, আর এ ক্ষেত্রে সেটি হলো আর্জেন্টিনার জাতীয় দলের কোচিং স্টাফ। হয়তো স্কালোনি বিষয়টি খেয়াল করছেন, মেসিকে নিয়ে এই নতুন ধারণা বা নতুন সম্ভাবনার সূচনা হতে পারে।’
- বিষয় :
- লিওনেল মেসি
- লিওনেল স্কালোনি