ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

‘সে এমন কিছু রেখে যাচ্ছে, যার তুলনা নেই’, মেসিকে নিয়ে স্কালোনি

‘সে এমন কিছু রেখে যাচ্ছে, যার তুলনা নেই’, মেসিকে নিয়ে স্কালোনি
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬ | ১৭:৪৬ | আপডেট: ০৬ অক্টোবর ২০২৬ | ১৮:১১

লিওনেল মেসির বিদায়ী ম্যাচের আগে আবেগঘন হয়ে উঠেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়েই জাতীয় দলের জার্সিতে মেসির অধ্যায় শেষ হতে যাচ্ছে। তার আগে আর্জেন্টাইন অধিনায়কের প্রশংসায় পঞ্চমুখ স্কালোনি। মেসিকে সতীর্থদের জন্য ‘অবিশ্বাস্য উদাহরণ’ হিসেবে উল্লেখ করেছেন।

স্কালোনির মতে, মেসির বিদায়ের পর জাতীয় দলে তার উপস্থিতির স্মৃতিই সবচেয়ে বেশি মনে পড়বে। তিনি বলেন, ‘সে আর থাকবে না, এখন শুধু নস্টালজিয়াই বাকি থাকবে।’

মেসির মাঠের বাইরের পেশাদারিত্বও আলাদা করে তুলে ধরেছেন আর্জেন্টিনা কোচ। তার ভাষায়, ‘সে একজন অবিশ্বাস্য উদাহরণ। সবার আগে আসে, সবার শেষে বের হয়, নিজের যত্ন নেয় এবং প্রতিটি ম্যাচের মুখোমুখি হয় যেভাবে, সেটিও অনুকরণীয়।’

মেসির খেলা দেখলেই তার অসাধারণত্ব বোঝা যায় বলে মনে করেন স্কালোনি। তবে মাঠের বাইরের আচরণই সতীর্থদের কাছে তাকে আরও বড় উদাহরণে পরিণত করেছে। তিনি বলেন, ‘সে কীভাবে খেলে, তা দেখলেই বোঝা যায় সে একজন অসাধারণ খেলোয়াড়। কিন্তু এর বাইরেও এমন অনেক বিষয় আছে, যা তার সতীর্থরা দেখেছে। এর চেয়ে ভালো উদাহরণ আর হতে পারে না।’

মেসির রেখে যাওয়া উত্তরাধিকারকেও অনন্য বলে মন্তব্য করেছেন স্কালোনি। তিনি বলেন, ‘সে এমন কিছু রেখে যাচ্ছে, যার কোনো তুলনা নেই। যদিও বলছি ‘রেখে যাচ্ছে’, কারণ তার সামনে এখনও একটি ম্যাচ বাকি।’

বেনিনের বিপক্ষে ম্যাচের পরই আর্জেন্টিনার জার্সিতে আর দেখা যাবে না ৩৯ বছর বয়সী মেসিকে। দুই দশকের বেশি সময় ধরে জাতীয় দলের হয়ে খেলার পর বিদায়ের মুহূর্তে তাই আবেগে ভাসছে আর্জেন্টিনার কোচ।

সংশ্লিষ্ট খবর

আরও পড়ুন

×