ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

মেসির বিদায়ের রাতে নিজের ভবিষ্যৎ নিয়ে যা বললেন স্কালোনি

মেসির বিদায়ের রাতে নিজের ভবিষ্যৎ নিয়ে যা বললেন স্কালোনি
×
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬ | ১৩:১৯

লিওনেল মেসির বিদায়ের রাতেই আর্জেন্টিনা জাতীয় দলের কোচ হিসেবে নিজের ভবিষ্যৎ নিয়ে ইঙ্গিত দিয়েছেন লিওনেল স্কালোনি। সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, সবকিছু ঠিকঠাক থাকলে দায়িত্ব চালিয়ে যেতে চান। তবে চুক্তি নবায়ন নিয়ে এখনো নতুন কোনো সিদ্ধান্ত হয়নি বলেও পরিষ্কার করেছেন তিনি।

ডিসেম্বরে আর্জেন্টিনার সঙ্গে স্কালোনির বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা। এএফএ আরও একটি বিশ্বকাপ চক্রের জন্য তার সঙ্গে চুক্তি বাড়াতে আগ্রহী। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো অগ্রগতি হয়নি। স্কালোনি বলেন, ‘সবকিছু ঠিকঠাক থাকলে আমি কোচিং চালিয়ে যাব। এখনো নতুন কোনো আপডেট নেই।’

তবে মেসিকে ছাড়া আর্জেন্টিনার পথ যে সহজ হবে না, সেটি স্পষ্ট করে দিয়েছেন স্কালোনি। গত কয়েক বছরে দল যে সাফল্য ও অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছে, সেটিকে স্বাভাবিক বলে মনে করেন না তিনি। সামনে কঠিন সময় আসবে, সেটিও স্বীকার করেছেন আর্জেন্টাইন কোচ।

স্কালোনির ভাষায়, ‘পথটা কঠিন হতে যাচ্ছে, ও (মেসি) নিজেও তাই বলেছে। বিগত কয়েক বছরে আমরা যা অনুভব করেছি, তা স্বাভাবিক নয় এবং সামনে কঠিন সময় আসতে পারে। আমরা তা মোকাবিলা করতে প্রস্তুত।’

নতুন প্রজন্মের খেলোয়াড়দের নিয়ে দলকে এগিয়ে নেওয়ার ব্যাপারে অবশ্য আশাবাদী স্কালোনি। তিনি বলেন, ‘বেশ কিছু নতুন ও তরুণ খেলোয়াড় আমাদের শক্তি জোগাবে। আমরা নতুন একটি দারুণ দল তৈরি করতে পারি। কিন্তু ওকে পাশে পাওয়ার যে অনুভূতি, সেটির সঙ্গে কোনো কিছুর তুলনা হয় না। এটা মানুষকে বোঝানো খুব কঠিন, এটি শুধু অনুভব করতে হয়।’

মেসির প্রভাবের তুলনা অন্য কারও সঙ্গে করা যায় না বলেও মন্তব্য করেন স্কালোনি। তিনি বলেন, ‘আমরা যত বড় দলই নতুন করে গড়ে তুলি না কেন, এটি অতুলনীয়। নতুন যেসব ছেলে উঠে আসছে, তাদের নিয়ে আমরা একটি দারুণ দল তৈরি করতে পারি। কিন্তু ও যে আভা তৈরি করে, তেমনটা আমি অন্য কারও মধ্যে দেখিনি। ও যা তৈরি করতে পারে, তেমনটা আর থাকবে না। আমরা নতুন কৌশল খুঁজব, কিন্তু সেই অনুভূতিটা আর পাওয়া যাবে না।’

মেসির সঙ্গে দীর্ঘ সময় কাজ করার সুযোগকে নিজের ক্যারিয়ারের বিশেষ অভিজ্ঞতা হিসেবেও দেখছেন স্কালোনি। তিনি বলেন, ‘ওকে উপভোগ করতে পারাটা অসাধারণ ছিল। এখন আমাদের ওকে ছাড়াই এগিয়ে যেতে হবে।’

সংশ্লিষ্ট খবর

আরও পড়ুন

×