ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

আশাবাদের সঙ্গে বাতিলের শঙ্কাও

আশাবাদের সঙ্গে বাতিলের শঙ্কাও
×

ছবি: ফাইল

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২০ | ১২:০০ | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২০ | ০১:২১

সবকিছু ঠিকঠাক থাকলে গতকাল ক্যাম্পে থাকা ক্রিকেটারদের দ্বিতীয় দফা করোনা পরীক্ষা করানোর কথা ছিল বিসিবির। দেশত্যাগের ৭২ ঘণ্টা আগে পরীক্ষা দরকার বলেই ওই সূচি। কিন্তু কলম্বোর উদ্দেশে ঢাকা ত্যাগের আগের তিন দিন যে কবে, সেটিই এখন আর নিশ্চিত নয়। বরং বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফর নিয়ে এখন 'আমরা আশাবাদী' মন্তব্যের পাশাপাশি 'বাতিল' এবং 'পুনঃসূচি' শব্দগুলোও উচ্চারিত হচ্ছে।

বিসিবি ও এসএলসি- দু'পক্ষই অপেক্ষায় আছে শ্রীলঙ্কান সরকার গঠিত কভিড টাস্কফোর্সের গাইডলাইনের। যে গাইডলাইন বিশ্নেষণ করে বিসিবি সিদ্ধান্ত নেবে এ যাত্রায় শ্রীলঙ্কায় যাওয়া হবে কি হবে না। আর লঙ্কান বোর্ড জানাবে নতুন সূচি বা সিরিজ বাতিলের ঘোষণা।

তিন টেস্টের সিরিজ খেলতে বাংলাদেশ দলের কলম্বোয় রওনার কথা ছিল ২৭ সেপ্টেম্বর। এ লক্ষ্যে ঢাকায় কোয়ারেন্টাইন ক্যাম্পও শুরু করে দিয়েছেন মুমিনুল হকরা। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে চলছে নিবিড় অনুশীলনও। আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে শ্রীলঙ্কার ক্রিকেটারদের প্রস্তুতি চলছে আরও আগে থেকে। জুনেই দিমুথ করুনারত্নেরা মাঠে নেমে পড়েছিলেন।

কিন্তু লঙ্কান সরকারের কভিড প্রটোকলের কারণে এখনও ঝুলে আছে সিরিজটি। সর্বশেষ পরিস্থিতির কথা বলতে গিয়ে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের সিইও অ্যাশলে সিলভা বলেন, 'কভিড টাস্কফোর্স যে বার্তা দেবে, সেটি আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে জানাব। এরপর তারা (বিসিবি) যদি টাস্কফোর্সের দেওয়া গাইডলাইন মানতে রাজি না হয়, তাহলে সিরিজ বাতিল করতে হবে, অথবা আগামী বছর বা তার পরের বছরের জন্য পেছাতে হবে।'

এসএলসির প্রধান নির্বাহীর মন্তব্যের বিষয়ে জানতে চাওয়া হলে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেন, 'তারা আগে গাইডলাইন পাঠাক। টাস্কফোর্সের কাছ থেকে রিপোর্ট পাওয়ার পর আমরা আলোচনা করে দেখব মানার মতো কিনা। গাইডলাইন যদি সহনশীল হয়, তাহলে আমরা সফর করব।'

এসএলসির সিইও সিরিজ বাতিল ও পুনঃসূচির সম্ভাবনার কথাগুলো বলেন জাতীয় দলের নতুন ড্রিংকিং পার্টনারের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের অনুষ্ঠানে। যেখানে উপস্থিত ছিলেন এসএলসির সেক্রেটারি মোহান ডি সিলভা এবং টেস্ট অধিনায়ক দিমুথ করুনারত্নে। সফরের বিষয়ে আশাবাদী বলে মন্তব্য করেন মোহান, 'সংশ্নিষ্ট কর্তৃপক্ষ আন্তর্জাতিক ক্রিকেট চালু করতে প্রবল উৎসাহ দেখিয়েছে। আমরা তাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি। আমি নিশ্চিত সব মিটে যাবে। বাংলাদেশও দ্রুতই শ্রীলঙ্কায় এসে পৌঁছে যাবে।' বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ খেলার আশায় আছেন বলে জানান অধিনায়ক করুনারত্নেও, 'খেলোয়াড় হিসেবে আমরা কেবল নিজেদের প্রস্তুতিই নিয়ে রাখতে পারি, যা আমরা চালিয়ে যাচ্ছি। আশা করছি, বাংলাদেশের বিপক্ষে মাঠে নামতে পারব।'

শ্রীলঙ্কায় টেস্ট সফরকে কেন্দ্র করে প্রাথমিক দলের ২৭ ক্রিকেটারকে নিয়ে ঢাকায় ক্যাম্প চালিয়ে যাচ্ছে বাংলাদেশ দল। ২২ সেপ্টেম্বর খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের করোনা পরীক্ষাও করা হয়েছে। যেখানে পেসার আবু জায়েদ রাহি ছাড়া সবাই করোনা নেগেটিভ হয়েছেন। সূচি অনুযায়ী রোববার যদি পুরো দল শ্রীলঙ্কায় রওনা দিত, তাহলে শুক্রবার দ্বিতীয় করোনা পরীক্ষাও হয়ে যেত। কিন্তু দেশত্যাগের ৭২ ঘণ্টা আগের সেই পরীক্ষা কবে হবে বা আদৌ এ যাত্রা হবে কিনা, তা আপাতত অনিশ্চিত। সফর ঘুরপাক খাচ্ছে এখন আশাবাদ ও শঙ্কার চক্করে।

আরও পড়ুন

×