ছয় মাস বাড়ির বাইরে জেসন হোল্ডার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২০ | ০৮:৪৯
মার্চে করোনার প্রকোপ বৃদ্ধির পর যে বাড়িতে ঢুকেছিলেন, পরের দুই মাস আর বেরই হননি। আন্তর্জাতিক ক্রিকেটারদের মধ্যে সবার আগে জুনে মাঠে ছুটতে হয়েছে ক্যারিবীয় ক্রিকেটারদের। সেই যে 'বায়ো-বাবলে'র মধ্যে ঢুকেছেন, এরপর গত ছয় মাসে আর বাড়ি যাওয়া হয়নি জেসন হোল্ডারের। কবে ফিরতে পারবেন, সেটিও জানা নেই বলে মন্তব্য করেছেন ওয়েস্ট ইন্ডিজের টেস্ট অধিনায়ক।
জুন মাসে বার্বাডোজ ছেড়ে দল নিয়ে ইংল্যান্ডে গিয়েছিলেন হোল্ডার। সেটিই ছিল করোনাকালের প্রথম আন্তর্জাতিক সফর। সেখানে কোয়ারেন্টাইনে মেয়াদ কাটিয়ে অংশ নেন তিন টেস্টে। ইংল্যান্ড সফর শেষ করেই ঢুকে যান ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের 'বায়ো-বাবলে'। সিপিএল শেষে সংযুক্ত আরব আমিরাতে যান আইপিএল খেলতে। আইপিএলের পর আবার জাতীয় দলের দায়িত্ব, এবার নিউজিল্যান্ড।
সোমবার নিউজিল্যান্ডের সফরটিও শেষ হয়েছে। তবে এখান থেকে অস্ট্রেলিয়ায় চলে যেতে হবে তাকে। সেখানে কোয়ারেন্টাইন শেষে সিডনি সিপার্সের হয়ে খেলবেন বিগ ব্যাশের তিনটি ম্যাচ। বিগ ব্যাশ চলা অবস্থায়ই উইন্ডিজ দল বাংলাদেশ সফরে আসার কথা। সব মিলিয়ে বায়ো-বাবলের দিনকাল তার সহসাই শেষ হচ্ছে না।
সোমবার নিউজিল্যান্ডের কাছে দ্বিতীয় টেস্টে হারার পর মলিন কিন্তু হাসিমুখ করে নিজের টানা খেলে যাওয়ার কথা বলছিলেন হোল্ডার, 'এই মহামারির মধ্যে যারা স্বাস্থ্যঝুঁকির মধ্যে বিশ্বজুড়ে ট্রাভেল করছে, তাদের স্যাক্রিফাইসের কৃতিত্ব দিতে হবে। খুব কঠিন একটা বছর গেল। কেবল দলগত দিক থেকে নয়, ব্যক্তিগত দিক থেকেও। আমি বাড়ি যাই না ছয় মাস হয়ে গেছে। অবিরত চলছি তো চলছিই। তবে একটার পর একটা বাবলের ভেতরে ঢোকা, কক্ষের মধ্যে একা থাকা...। আমি যদি কেউ কেউ মানসিকভাবে ক্লান্ত হয়ে গেছে।' সামনে বাংলাদেশ সফরের কথা উল্লেখ করে আরও বলেন, 'আমাকে এখন বিগ ব্যাশে যেতে হবে। তারপর জানুয়ারিতে বাংলাদেশ সফরও আছে।'
- বিষয় :
- করোনাভাইরাস
- জেসন হোল্ডার