ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

হোম সিরিজ বাইরে খেলব না: পিসিবি

হোম সিরিজ বাইরে খেলব না: পিসিবি
×

ছবি: ফাইল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০১৯ | ০৪:১২ | আপডেট: ২৮ নভেম্বর ২০১৯ | ০৫:১৩

ভারত সিরিজ শেষ হতেই সামনে এসে হাজির হয় পাকিস্তান সফরের বিষয়টি। ভারতের সংবাদ মাধ্যমকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক কর্মকর্তা জানান, ক্রিকেটাররা পাকিস্তানে পুরো সফরের জন্য যেতে চায় না। সেক্ষেত্রে বোর্ড থেকে টি-২০ সিরিজ পাকিস্তানে এবং টেস্ট সিরিজটি নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের ব্যাপারে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে আলোচনার কথা জানায়। কিন্তু পিসিবি জানিয়ে দিয়েছে, ঘরের মাঠের কোনো সিরিজ দেশের বাইরে তারা খেলবে না।

দেশটির ক্রিকেট বোর্ডের একজন মুখপাত্র জিও নিউজকে বলেন, 'আমরা আমাদের নীতিতে শক্ত অবস্থান নিয়েছি। আমাদের কোনো হোম সিরিজ দেশের বাইরে খেলব না।' তিনি জানান, 'বাংলাদেশ দলের পাকিস্তান সফরের প্রাথমিক পরিকল্পনাও বিসিবিকে পাঠিয়ে দেওয়া হয়েছে। তবে ভেন্যু এবং সিরিজের সূচি এখনও নির্ধারণ করা হয়নি।'

আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে তিন ম্যাচের টি-২০ এবং দুই টেস্টের সিরিজ খেলতে পাকিস্তান যাওয়ার কথা আছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। পূর্ণাঙ্গ ওই সিরিজ খেলতে ২১ দিনের সফরে পাকিস্তান যেতে হবে দলকে। আর শুধু টি-২০ খেললে এক সপ্তাহেই হয়ে যাবে। বিসিবি তাই সংক্ষিপ্ত সফরে পাকিস্তান যেতে চায়। টানা তিন সপ্তাহ পাকিস্তানে থাকার ঝুঁকি নিতে চায় না। সেজন্য টেস্ট সিরিজটা নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের কথা জানিয়েছে বিসিবি।

পূর্ণাঙ্গ ওই সফরে বাংলাদেশ দলের ক্রিকেটাররা যেতে চান না। ওদিকে বাংলাদেশ দলের কোচিং স্টাফ আগেই জানিয়ে দিয়েছেন তারা পাকিস্তান সফরে যাবেন না। তবে পিসিবি আবার যুক্তি হিসেবে বলছে, বাংলাদেশ নারী ক্রিকেট দল এবং বয়সভিত্তিক ক্রিকেট দল পাকিস্তানে খেলে এসেছে। এখন পুরুষ দল না পাঠানোর কোনো কারণ দেখে না তারা।

জিও নিউজকে পিসিবির একটি সূত্র জানায়, 'একটা পূর্ণাঙ্গ সিরিজের অর্ধেক পাকিস্তানে হবে। বাকি অর্ধেক অন্যত্র হবে এটা সম্ভব নয়। এমনটা ভাবারই সুযোগ নেই। কারণ এমনটা যদি ঘটে তবে পাকিস্তানে পিএলএল ও অন্যান্য সিরিজ আয়োজনে নেতিবাচক প্রভাব পড়বে। বাংলাদেশের দু্টি দল এরই মধ্যে পাকিস্তান সফর করে গেছে। বাংলাদেশ পুরুষ জাতীয় দল না পাঠানোর কোনো কারণ দেখে না পিসিবি। আর পাকিস্তানে ক্রিকেট ফেরানোর এই সময়ে যদি হোম সিরিজ বাইরে খেলানো হয় আমাদের পরিকল্পনায় বড় ছেদ পড়বে।'

আরও পড়ুন

×