ভারত টি-২০ বিশ্বকাপেই সেরাটা খেলবে: কোহলি
ছবি: ফাইল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০১৯ | ০৪:৩৫
ভারতের টি-২০ দল নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা প্রায় শেষ। দশ মাস পরে শুরু হতে যাওয়া টি-২০ বিশ্বকাপে এবার নিজেদের সেরাটা খেলার পালা। এছাড়া ভারত তাদের টি-২০ র্যাংকিং নিয়েও চিন্তিত না। ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি এমনটাই মনে করেন।
কোহলির নেতৃত্বে ভারত টেস্টে র্যাংকিংয়ের সেরা দল হয়েছে। ওয়ানডে ফরম্যাটে ভারত আছে র্যাংকিংয়ে দ্বিতীয় অবস্থানে। কিন্তু টি-২০ র্যাংকিংয়ে বিশ্ব চ্যাম্পিয়নদের অবস্থান পাঁচে। এ নিয়ে বিরাট কোহলি বলেন, 'টেস্ট এবং ওয়ানডে ফরম্যাটের চেয়ে আপনি টি-২০ ফরম্যাটে অনেক বেশি পরীক্ষা-নিরীক্ষা চালাতে পারবেন। কারণ টি-২০ এমন একটা ফরম্যাট যেখানে ঝুঁকি নেওয়া যায়।'
কোহলি জানান, আমরা দলে অনেক তরুণদের সুযোগ দিয়েছি। তা দিয়ে আসল র্যাংকিংয়ের চিত্র উঠে আসবে না। আমরা সেরা একাদশ নিয়ে খেললে র্যাংকিং নিয়ে ভাবতাম। কিন্তু আমরা অনেকদিনই টি-২০ ক্রিকেটে দলের সবাই একসঙ্গে খেলি না। আর টি-২০ ক্রিকেটে র্যাংকিং তেমন গুরুত্বপূর্ণ না। কারণ যে কোন দল তার নিজের দিনে জয় তুলে নিতে পারে।'
ভারতের টি-২০ দলে ভুবনেশ্বর কুমার ফিরেছেন। মোহাম্মদ শামিকে ফেরানো হয়েছে। চায়নাম্যান স্পিনার কুলদীপ যাদব আছেন দলে। কোহলি মনে করেন, তারা শুধু সেরা দলটা খুঁজে বের করছেন। তাদের দলও দিন-দিন শক্ত হচ্ছে। বিশ্বকাপে যেমন দল নিয়ে ভারত খেলকে চায় তার খুব কাছে চলে এসেছে বলেও উল্লেখ করেন ভারতীয় অধিনায়ক। বিশ্বকাপে তারা সেরাটাই খেলবে।'
