ভুটানকে অলআউট করতে না পারার আক্ষেপ সৌম্যর
ছবি: সৌম্যর ফেসবুকে পেজ থেকে নেওয়া
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০১৯ | ০৫:৩৭
বাংলাদেশ যাতে রান পাহাড় গড়তে না পারে সেজন্য টস জিতে ব্যাটিং নিয়েছিল ভুটান। লক্ষ্য ছিল রক্ষণাত্মক ব্যাটিং করে শেষ পর্যন্ত টিকে থাকা। সেটা ভুটান পেরেছে। ৭ উইকেট হারিয়ে তোলে মাত্র ৬৯ রান। তবে খেলে পুরো ২০ ওভার। ম্যাচটা বাংলাদেশ মাত্র ৬.৫ ওভারে জিতেছে ১০ উইকেটে। এতো বড় জয়ের পর দলের আক্ষেপ থাকার কথা নয়। কিন্তু এসএ গেমসে খেলতে যাওয়া বাংলাদেশ জাতীয় দলের অভিজ্ঞ ব্যাটসম্যান সৌম্য সরকারের মনে খেদ আছে।
ভুটানকে যে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল অলআউট করতে পারেনি। টি-২০ দ্রুত সময়ের খেলা। এখানে ব্যাটসম্যান রান কম তুলে উইকেট বাঁচিয়ে খেললে তাদের অলআউট করা কঠিন। কিন্তু দলটা যখন ভুটান। তখন তাদের অলআউট করার চ্যালেঞ্জও নিতে হতো বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের বোলারদের।
দলের পারফরম্যান্সে তাই সন্তুষ্ট নন বাংলাদেশ অলরাউন্ডার সৌম্য সরকার। র্যাংকিংয়ে ৬৯তম অবস্থানে থাকা ভুটানের বিপক্ষে এ পারফরম্যান্স প্রত্যাশিত নয় তার কাছে। নেপালের ত্রিভুবন বিশ্ববিদ্যালয় মাঠে জয়ের পর এমনই দাবি করেন সৌম্য সরকার, 'আমার কাছে মনে হয় এই উইকেট অনুযায়ী বোলিং খুব ভালো হয়নি। আমরা ওদের ১০টা উইকেট নিতে পারিনি। এটা আমার কাছে খারাপ লেগেছে। পারফরম্যান্সের ঘাটতি মনে হয়েছে।'
ভুটানের বিপক্ষে বোলাররা অবশ্য রান খুবই কম দিয়েছে। ৪ ওভারে ২০ রানের ওপরে দেয়নি কেউ। মানিক খান ৪ ওভারে ৯ রান দিয়েছেন। নিয়েছেন ২ উইকেট। অন্যদিকে তানভির ইসলাম ও মিনহাজুল আফ্রিদি ১৩ রান নিয়েছেন এক উইকেট। বল হাতে তাই আরও ভালোর তাড়না দিলেন সৌম্য। নেপালের বিপক্ষে বোলারদের ভালো খেলার আহ্বান জানালেন, 'আশা করি পরের ম্যাচগুলোয় মূল বোলাররা ভালো করবে। নেপালের বিপক্ষে ১০ উইকেট নিয়ে ভালোভাবে ম্যাচটা জিততে চাই আমরা।'
- বিষয় :
- খেলা
- ক্রিকেট
- বাংলাদেশ-ভুটান
- এসএ গেমস
- সৌম্য
