উইন্ডিজের দুইশ’ও মামুলি ভারতের কাছে
ছবি: ইন্ডিয়া টুডে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০১৯ | ১১:৪৬
হায়দরাবাদে প্রথমে ওয়েস্ট ইন্ডিজ পরে ভারত ব্যাটিং ঝড় দেখাল। প্রথমে ব্যাট করে ভারতীয় বোলারদের কচু কাঁটা করেন সিমরন হেটমায়ার-কিয়েরন পোলার্ডরা। পরে সফরকারীদের দুইশ’ ছাড়ানো রান নিমিষেই তুলে ফেললেন কেএল রাহুল-বিরাট কোহলিরা। ছয় বল থাকতে তুলে নিলেন ৬ উইকেটের জয়।
শুক্রবার রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং নেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। শিশির ভেজা মাঠে পরে বল করার ঝুঁকি তিনি নেননি। তবে ব্যাটিংয়ে ঝড় তুলে ভারতকে ভয় ধরিয়ে দেয় ওয়েস্ট ইন্ডিজ। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে তোলে ২০৭ রান।
দলের হয়ে ওপেনার এভিন লুইস ১৭ বলে তিন চার ও চার ছয়ে ৪০ রান করেন। তিনে নেমে ব্রেন্ডন কিং খেলেন ২৩ বলে ৩১ রানের ইনিংস। এরপর আরেক ঝড় তোলেন সিমরন হেটমায়ার। তিনি ৪১ বলে চার ছক্কা এবং দুই চারে ৫৬ রানের ইনিংস খেলেন। ওই ঝড়ের সঙ্গে অধিনায়ক পোলার্ড করেন ১৯ বলে ৩৭ রান। চারটি ছক্কার সঙ্গে একটা চার মারেন তিনি। শেষ দিকে জেসন হোল্ডারের ৯ বলে ২৪ এবং দিনেশ রামদিনের ৭ বলে ১১ রান স্কোরবোর্ড ফুলে ফেঁপে ওঠে ওয়েস্ট ইন্ডিজের।
জবাব দিতে নেমে শুরুতেই ফিরে যান রোহিত শর্মা। তিনি করেন ৮ রান। পরে কেএল রাহুল এবং বিরাট কোহলি দুর্দান্ত জুটি গড়ে জয়ের রাস্তা তৈরি করে ফেলেন। রাহুল ৪০ বলে ৬২ রান করে ফেরেন। পাঁচটি চার ও চারটি ছক্কা বের হয় তার ব্যাট থেকে। ভারতীয় অধিনায়ক চেজ মাস্টার খ্যাত বিরাট কোহলি ৫০ বলে ৯৪ রানের হার না মানা ইনিংস খেলেন। ছয়টি বাউন্ডারির সঙ্গে ছয়টি ওভার বাউন্ডারি মারেন তিনি। দলের জয় নিশ্চিত করে ফেরেন। মধ্যে ঋষভ পান্ত ১৮ ও শ্রেয়াস আয়ার ৪ রান করে আউট হন।
- বিষয় :
- খেলা
- ক্রিকেট
- ভারত-ওয়েস্ট ইন্ডিজ
