ঢাকা শুক্রবার, ১৯ জুন ২০২৬

নেপালকে হারালেও অলআউট করা গেল না

নেপালকে হারালেও অলআউট করা গেল না
×

ফেসবুক থেকে সংগৃহিত ছবি।

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০১৯ | ০২:৩৭ | আপডেট: ০৭ ডিসেম্বর ২০১৯ | ০৩:১৫

ভুটানের বিপক্ষে ১০ উইকেটের বড় জয় পেলেও আক্ষেপ ছিল বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ক্রিকেট দলের। কারণ ক্রিকেটে 'পুচকে দল' ভুটানকে অলআউট করতে পারেনি বাংলাদেশ। সৌম্য সরকার সেই হতাশার কথাও ব্যক্ত করেছিলেন।

শনিবার এসএ গেমস ক্রিকেটে নেপালের বিপক্ষে ৪৪ রানে জিতেছে বাংলাদেশ। কিন্তু স্বাগতিকদের বিপক্ষে না তুলতে পেরেছে বড় রান, না প্রতিপক্ষকে করতে পেরেছে অলআউট।

টস জিতে নেপাল এ ম্যাচে বাংলাদেশ দলকে ব্যাটিংয়ে পাঠায়। কিন্তু টপ অর্ডারের পাঁচ ব্যাটসম্যানের চারজনই ব্যর্থ হন এ ম্যাচে। দুই ওপেনার সৌম্য সরকার ও নাঈম শেখ ৬ রান করে তুলে আউট হন। চারে নেমে সাইফ ডাক মারেন। এরপর ইয়াসির আলী ১৪ রানে আউট হন। অনূর্ধ্ব-২৩ দল ৫৯ রানে হারায় ৪ উইকেট।

তবে তিনে নামা নাজমুল হোসাইন শান্ত এবং ছয়ে নেমে আফিফ হোসেন দলের হাল ধরেন। শান্ত ৬০ বলে চারটি চার ও চারটি ছক্কায় খেলেন ৭৫ রানের ইনিংস। আফিফ ২৮ বলে ছয় চার ও এক ছক্কায় ৫২ রান করেন। বাংলাদেশ ৫০ বল ডট দিয়ে ৬ উইকেট হারিয়ে তোলে ১৫৫ রান।

জবাব দিতে নেমে নেপালের ব্যাটসম্যানরা সুবিধা করতে পারেননি। নেপালের ওপেনার এবং অধিনায়ক গায়েনেন্দ্র মাল্লা ৪৩ বলে ৪৩ রান করেন। আর কেউ ২০ রানের ঘরে যেতে পারেননি। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে তারা ১১১ রানে থামে। বাংলাদেশের হয়ে সুমন খান, তানভির ইসলাম, সৌম্য সরকার এবং মেহেদি হাসান দুটি করে উইকেট নেন।

আরও পড়ুন

×