জন্মদিনে স্বর্ণ জিতলেন ফাতেমা
ছবি: সমকাল
সাখাওয়াত হোসেন জয়, কাঠমান্ডু থেকে
প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০১৯ | ০৮:৩৮ | আপডেট: ০৭ ডিসেম্বর ২০১৯ | ০৮:৪৭
এশিয়ান গেমসে শনিবার বাংলাদেশ জিতেছে দিনের তৃতীয় স্বর্ণ। প্রথম দুটি স্বর্ণ আসে ভারোত্তেলন থেকে। বাংলাদেশকে এসএ গেমসে দিনের তৃতীয় এবং মোট সপ্তম স্বর্ণ এনে দিয়েছেন ১৯ বছর বয়সী ফাতেমা। তাও আবার তার জন্মদিনে।
কাঠমান্ডুর নয়াবাজার কৃতিপুরে ফেন্সিংয়ে নারী স্যাবার এককে স্বর্ণ জেতেন তিনি। এটি ফেন্সিংয়ে বাংলাদেশকে প্রথম আন্তর্জাতিক পদক। যা আসল মাত্র ১৯ বছর বয়সী ফাতেমার হাত ধরে।
এবারই প্রথম সাউথ এশিয়ান গেমসে যুক্ত হয় ফেন্সিং। তাতেই বাজিমাত করেছেন হবিগঞ্জ চুনারুঘাটের এ মেয়ে। অনেকটা অপরিচিত এই খেলাটি থেকে স্বর্ণ জিতে ফাতেমা ভাসছেন আনন্দে। স্বর্ণের লড়াইয়ে নেপালের রাবিনা থাপাকে ১৫-১০ পয়েন্টে হারিয়েছেন তিনি। বিশেষ এই দিনটি তার জন্য হয়ে উঠেছে আরও বিশেষ। এ দিনেই পৃথিবীতে এসেছিলেন ফাতেমা। শনিবার ছিল তার জন্মদিন।
অথচ স্বর্ণ জয়ের আগ পর্যন্ত কাউকে জন্মদিনের কথা বলেননি। 'জন্মদিনের কথাটি আমি গোপন রেখেছিলাম। মনে মনে একটা পরিকল্পনা করেছিলাম যে, যদি জিতি, তাহলে সবাইকে বলব; আর হারলে কাউকে জানাব না। সেরা হওয়ার পরই সবাইকে জানিয়ে দেই আজ আমার জন্মদিন।'
তার মুখ থেকে এ কথা শোনার পরই পুরো দলের সবাই একসঙ্গে 'হ্যাপি বার্থডে ফাতেমা' বলে শুভেচ্ছা জানান। এ আনন্দ প্রকাশ করতে গিয়ে ফাতেমা আবেগাপ্লুত, 'স্বর্ণ জয়ের ব্যাপারে আমি খুবই আত্মবিশ্বাসী ছিলাম। প্রথম বিদেশে এসে স্বর্ণ জিতলাম। এটা আমার জন্য বিশেষ কিছু।' এর আগে কখনোই বিদেশে যাননি বাংলাদেশ নৌবাহিনীতে চুক্তিবদ্ধ চাকরি করা ফাতেমা।
